Bhatpara: বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ, তপ্ত ভাটপাড়া | BJP Worker Shot at in Bhatpara, Attempt to Murder Alleged; Police Deny Firing Claims
কলকাতা: বিজেপি কর্মীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে জগদ্দলের বড় শ্রীরামপুর অঞ্চলে। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাজু কুমার সাউ। তবে গুলি চলার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রাতে বাড়ির সামনে বসে গল্প করছিলেন রাজু। অভিযোগ, সেই সময় সুজিত চৌধুরী ওরফে কালুয়া তার দলবল নিয়ে সেখানে চড়াও হয়। প্রথমে গালিগালাজ এবং পরে রাজুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি পরিবারের। এর আগেও গত ২৩ মার্চ ভোটের মুখে রাজু ও তার পরিবারের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল এই সুজিতের বিরুদ্ধে। আক্রান্তের পরিবারের স্পষ্ট দাবি, তারা বিজেপি করায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বারবার এই আক্রমণ চালানো হচ্ছে।
যদিও ভাটপাড়া ও জগদ্দল থানার পুলিশ গুলি চলার তত্ত্ব মানতে নারাজ। তবে ঘটনার তদন্তে নেমে জগদ্দল থানার পুলিশ ইতিমধ্যেই ডানলপ এলাকা থেকে মূল অভিযুক্ত সুজিত চৌধুরী ওরফে কালুয়া এবং তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।