ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালনে আদালত অবমাননা, হলফনামা পেশের নির্দেশ মমতাকে - 24 Ghanta Bangla News
Home

ধর্মতলায় ‘শহিদ দিবস’ পালনে আদালত অবমাননা, হলফনামা পেশের নির্দেশ মমতাকে

Spread the love

ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ‘শহিদ দিবস’ পালনে আদালত অবমাননার মামলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে বলা হয়েছে।

২০১৮ সালে কলকাতা হাইকোর্টের একটি রায়ে বলা হয়েছিল, শহরের কোনও প্রধান রাস্তা আটকে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে কোনও সভা, সমাবেশ বা মিছিল করা যাবে না। সেই নির্দেশ অমান্য করে ২০২৫ সালে ধর্মতলায় ২১ জুলাই শহিদ দিবসের অনুষ্ঠান হয়েছিল বলে অভিযোগ। তৃণমূলের এই সভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে একটি মামলা দায়ের করা হয় আদালতে।

উল্লেখ্য, ২০১৮ সালে তৃণমূল কংগ্রেস-সহ ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলায় বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানায়, শহরের কোনও গুরুত্বপূর্ণ রাস্তা আটকে এই ধরনের সভা বা সমাবেশ করা যাবে না। রাস্তার একটি অংশ চালু রাখতে হবে, যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হবে।

রাজ্যে পালাবদলের পরে তৃণমূলে কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এ বার সেই ধর্মতলায় সভা করার জন্যে আবেদন করেছিল পুলিশের কাছে। যদিও সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দিয়েছেন, ধর্মতলায় ২ জুলাই থেকে ৬০ দিন সভা, সমাবেশ, মিছিলের অনুমতি দেওয়া হবে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *