তৃতীয় বিয়ের আগেই দাদা আমিরকে নিয়ে ফের মুখ খুললেন ভাই ফয়জ়ল, নতুন এবার কী বললেন? | Aamir khan brother faissal khan apologizes before actor third marriage
বলিউড সুপারস্টার আমির খানের পারিবারিক কলহ এবং তাঁর ভাই ফয়জ়ল খানের বিস্ফোরক সব অভিযোগ নিয়ে একসময় কম জলঘোলা হয়নি বি-টাউনে। তবে এবার সেই তিক্ততায় ইতি টেনে এক বড় পদক্ষেপ নিলেন ফয়জ়ল। পুরোনো সমস্ত তিক্ততা, ক্ষোভ আর কাদা-ছোড়াছুড়ি ভুলে এবার খোদ আমির খানসহ গোটা পরিবারের কাছেই প্রকাশ্য সাক্ষাৎকারে ক্ষমা চাইলেন তিনি। অতীতে নিজের করা সমস্ত বিতর্কিত মন্তব্যকে ‘ভুল’ বলে স্বীকার করে নিয়েছেন ফয়জ়ল।
সম্প্রতি এক টক-শোয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়ে মনের আগল খোলেন ফয়জ়ল খান। তিনি অকপটে স্বীকার করেন যে, একসময় মনের ভেতর জমে থাকা তীব্র অভিমান আর ক্ষোভের বশবর্তী হয়েই তিনি পরিবারের অন্দরমহলের ব্যক্তিগত বিষয়গুলো সংবাদমাধ্যমের সামনে এনেছিলেন। কিন্তু আজ সেই সিদ্ধান্তের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। ফয়জ়লের কথায়, “আমি সত্যিই সব সীমা ছাড়িয়ে গিয়েছিলাম। ওসব কথা বলা একদমই উচিত হয়নি আমার। আজ বুঝতে পারছি কতটা ভুল করেছিলাম, তাই সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি।” তিনি জানান, শুধু দাদা আমির নন, তিনি সবার আগে তাঁর মা, দিদি নিখত এবং ভগ্নিপতি সন্তোষ হেগড়ের কাছে ক্ষমা চাইতে চান। অতীতের সব গ্লানি মুছে দাদার সঙ্গে আগামী দিনে একটি সুন্দর ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে চান তিনি।
এই সাক্ষাৎকারে নিজের বহুচর্চিত মানসিক স্বাস্থ্য এবং ‘স্কিৎজ়োফ্রেনিয়া’ বিতর্ক নিয়েও মুখ খোলেন ফয়জ়ল। তিনি জানান, তাঁর মানসিক অবস্থা নিয়ে পরিবারের মধ্যেও দ্বিমত ছিল। তবে তাঁর দিদি নিখত সবসময়ই বিশ্বাস করতেন যে ফয়জ়ল কোনও মারণ মানসিক রোগে আক্রান্ত নন। অতীতের চিকিৎসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পরিবার যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, তখন হয়তো রোগ নির্ণয়ে বড়সড় ভুল (Misdiagnosis) হয়েছিল। কিছু চিকিৎসক পরিবারকে ভুল বুঝিয়েছিলেন। তবে পরবর্তীতে আদালতের নির্দেশে সরকারি হাসপাতালে যখন আমার পরীক্ষা হয়, তখন চিকিৎসকরা আমাকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক বলে সার্টিফিকেট দেন।” ফয়জ়লের আশা, এবার হয়তো পরিবারের বাকি সদস্যরা চিকিৎসকদের সেই ভুল রিপোর্ট ভুলে তাঁকে নতুন করে বিশ্বাস করবেন।
উল্লেখ্য, প্রায় এক বছর আগে আমিরের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন ফয়জ়ল। তিনি দাবি করেছিলেন, আমির নাকি তাঁকে জোর করে মাদক খাইয়ে রাখতেন এবং প্রায় এক বছর ধরে মারধর করে গৃহবন্দি করে রাখা হয়েছিল তাঁকে। সেই সময়ে আমির খানের টিমের পক্ষ থেকেও পাল্টা বিবৃতি দিয়ে এই অভিযোগ অস্বীকার করা হয়েছিল। তবে এক বছর আগের সেই ভয়ংকর তিক্ত সম্পর্ক কি ফয়জ়লের এই আকুল ক্ষমাপ্রার্থনার পর আবার স্বাভাবিক হবে? আমিরের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও, ফয়জ়ল যে নতুন করে সম্পর্ক জোড়া লাগাতে মরিয়া, তা তাঁর এই অনুশোচনাতেই স্পষ্ট।