ঢোকেনি অন্নপূর্ণার টাকা, বিক্ষোভ পঞ্চায়েত দপ্তরে
এই সময়, ডোমজুড়: কথা ছিল, অন্নপূর্ণা যোজনায় টাকা মিলবে জুন মাস থেকেই। কিন্তু জুন মাস পেরিয়ে জুলাই এসে পড়লেও, প্রাপ্য টাকা ঢোকেনি অনেকেরই অ্যাকাউন্টে। টাকা না পাওয়ার ফলে হাওড়া–হুগলির গ্রামেগঞ্জে, শহরেও বাড়ছে হতাশা। অনিশ্চয়তার জেরে ঘটছে আত্মঘাতী হওয়ার মতো ঘটনাও।
গত সোমবারই অন্নপূর্ণা ভাণ্ডার–সহ বিভিন্ন সরকারি সুযোগ–সুবিধা না পাওয়ার অভিযোগে ডোমজুড়ের রুদ্রপুর পঞ্চায়েতে তালা ঝুলিয়েছিলেন ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ। সোমবার হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত রুদ্রপুর পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের দপ্তরে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের জেরে পঞ্চায়েতের কর্মীরা ঢুকতেই পারেননি অফিসে। সবাই বসে থাকেন অফিসের বাইরে। পঞ্চায়েত অফিসে তালা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাঁরা তালা খুলিয়ে কর্মীদের অফিসে ঢোকার ব্যবস্থা করেন।
গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল শাসিত পঞ্চায়েত থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা শুধুমাত্র তৃণমূল কর্মীদেরই দেওয়া হচ্ছিল। যে হেতু গত বিধানসভা নির্বাচনে এই এলাকায় বিজেপি জয়ী হয়েছিল, তাই বিজেপি সমর্থকরা তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত থেকে কোনও সুবিধা পাচ্ছেন না। তাই তাঁরা বাধ্য হয়ে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। সেই নিয়ে উত্তেজনা তৈরি হয় রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পঞ্চায়েত কর্মীরা বিজেপি সমর্থকদের কথামতো তঁদের অভিযোগগুলিকে গুরুত্ব দিয়ে দেখবেন ও সমাধান করবেন বলে আশ্বাস দিলে, বিক্ষোভ তুলে নেওয়া হয়।