Shahanur Mondal: পুরনো খুনের চেষ্টার মামলায় নতুন বিপাকে তৃণমূল নেতা শাহানুর | TMC Leader Shahanur Mondal Named in Attempt to Murder Case Linked to 2020 Attack on Panchayat Vice Chairman
বসিরহাট: নতুন করে বিপাকে তৃণমূল নেতার শাহানুর মণ্ডল। ধৃত প্রভাবশালী তৃণমূল নেতা শাহানুরের বিরুদ্ধে এবার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষকে খুনের চেষ্টার মামলা দায়ের। ২০২০ সালের নভেম্বর মাসে রাতের অন্ধকারে তৎকালীন বসিরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত ঘোষকে বাঁশঝাড়ি সংলগ্ন এলাকায় নৃশংসভাবে কোপানো হয়েছিল। সেই পুরোনো খুনের চেষ্টার ঘটনায় এবার নতুন করে মামলা দায়ের হল উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের প্রভাবশালী নেতা শাহানুরের বিরুদ্ধে।
এসওজি-র জালে গ্রেফতারের পর টানা ১০ দিন হাসনাবাদ থানায় পুলিশ হেফাজতে ছিলেন এই দাপুটে নেতা। গতকাল সেই মেয়াদ শেষে তাঁকে আদালতে তোলা হলে বিচারক এবার বসিরহাট থানায় আরও ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে এবার এই নতুন খুনের চেষ্টার মামলার তদন্ত শুরু করতে চলেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে তৎকালীন তৃণমূলের সহ-সভাপতি আহত প্রশান্ত ঘোষ বলেন, “শাহানুর মণ্ডলের স্ত্রী ছিলেন সভাপতি এবং আমি ছিলাম সহ-সভাপতি। রাজনৈতিক মনোমালিন্য হওয়ায় আমি প্রতিবাদ করেছিলাম এবং বিজেপিতে যোগদানের কথা বলতেই রাতের অন্ধকারে আমাকে ডেকে নিয়ে গিয়ে প্রথমে লোহার রড এবং তারপর নৃশংসভাবে কোপানো হয়।” তাঁর দাবি, স্থানীয় বাসিন্দারা চলে এলে তাঁকে ওই অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনার সঙ্গে পুরোপুরি শাহানুর জড়িত। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।