অন্ত্যোদয় অন্ন যোজনায় বদলের ভাবনা? জাতীয় খাদ্য সুরক্ষা আইন সংশোধনের পথে কেন্দ্রীয় সরকার?
ঢেলে সাজানো হবে অন্ত্যোদয় অন্ন যোজনা প্রকল্প, খবর কেন্দ্রীয় সরকার সূত্রে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে পরিচালিত হয় এই প্রকল্প। এর অধীনে অতিদরিদ্র পরিবারগুলি রেশন সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে ভর্তুকি যুক্ত ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্য পেয়ে থাকেন। কোনও কোনও রাজ্যে অন্ত্যোদয় অন্ন যোজনায় সম্পূর্ণ বিনামূল্যে ওই পরিবারগুলিকে বিলি করা হয় এই ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্য৷ এ বার এই কেন্দ্রীয় প্রকল্পের আওতাধীন পরিবারগুলিকে প্রতি মাসে সদস্যপিছু সাত কিলোগ্রাম খাদ্যশস্য বণ্টনের কথা ভাবছে মোদী সরকার৷ কিন্তু একটি পরিবার সর্বাধিক ৩৫ কিলোগ্রাম খাদ্যশস্যই পাবে। এর ফলে পরিবারের সদস্য সংখ্যা যদি কম হয়, সেক্ষেত্রে মাথাপিছু সাত কিলোগ্রাম হিসেবেই খাদ্যশস্য মিলবে।