Kolkata Municipal Corporation: বদলে যাচ্ছে কলকাতার ফুটপাথ? মহানগরে নতুন করে হবে ভেন্ডিং, নন-ভেন্ডিং জোন সার্ভে | Kolkata to Conduct Fresh Survey of Hawker Zones, Digital Mapping of Vending and Non Vending Areas
কলকাতা: রাজ্যে পালাবদলের পর কলকাতা পৌরনিগমে প্রথম হল টাউন ভেন্ডিং কমিটির (TVC) গুরুত্বপূর্ণ বৈঠক। পুর প্রশাসক তথা কমিশনার স্মিতা পাণ্ডের ডাকে শনিবার এই উচ্চপর্যায়ের বৈঠকটি হয়। বৈঠকে কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, টাউন ভেন্ডিং কমিটির সদস্য, পৌরনিগমের বিভাগীয় ডিজি এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিরাও এই আলোচনায় অংশ নেন। মূলত শহরের হকার উচ্ছেদ, পুনর্বাসন এবং হকার নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিনের এই গুরুত্বপূর্ণ TVC বৈঠক থেকে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে-
নতুন জোন সার্ভে: কলকাতায় নতুন করে ভেন্ডিং এবং নন-ভেন্ডিং জোন চিহ্নিত করতে সার্ভে করা হবে।
ম্যাপিং ব্যবস্থা: কোন এলাকা ভেন্ডিং এবং কোনটি নন-ভেন্ডিং জোন, তা স্পষ্ট করতে জোনেশান (zonation) ম্যাপিং করা হবে।
পিএম স্বনিধি ঋণ: ‘পিএম স্বনিধি’ (PMSNidhi) ঋণের সুবিধা পৌঁছে দিতে হকারদের নতুন করে সার্ভে করা হবে।
বাজারের গেট সংলগ্ন এলাকা মুক্ত রাখা: সমস্ত মিউনিসিপ্যাল মার্কেটের প্রবেশদ্বার থেকে ৪৫ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
চিহ্নিতকরণ : রেজিস্টার্ড ও নন-রেজিস্টার্ড হকার চিহ্নিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে TVC বৈঠকে।
অন্য দিকে, হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে টাউন ভেন্ডিং কমিটি (TVC) পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। তাদের দাবি, সমস্ত সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হকার সংগঠন বা ইউনিয়নগুলিকে অন্তর্ভুক্ত করে নতুন করে এই কমিটি গঠন করা হোক। যে সমস্ত হকাররা ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হবেন, তাঁদের কাছাকাছি কোনও জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা দাবি জানানো হয়েছে।