Passport Fee Hike: পাসপোর্ট নিয়ে আরও এক বড় সিদ্ধান্ত কেন্দ্রের! ১ জুলাই থেকে বাড়বে খরচ | Centre's Big Decision: New Passport & Passport Renewal Fee Hiked from 1 July, know New Fee Structure for Passport Service - 24 Ghanta Bangla News
Home

Passport Fee Hike: পাসপোর্ট নিয়ে আরও এক বড় সিদ্ধান্ত কেন্দ্রের! ১ জুলাই থেকে বাড়বে খরচ | Centre’s Big Decision: New Passport & Passport Renewal Fee Hiked from 1 July, know New Fee Structure for Passport Service

Spread the love

পাসপোর্ট তৈরির খরচ বাড়ল।Image Credit: Getty Images

নয়া দিল্লি: আপনার কি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন বা নতুন পাসপোর্ট (Passport) তৈরি করানোর কথা ভাবছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। আর ক’দিন পর থেকেই পাসপোর্টের ফি বাড়তে চলেছে অনেকটা। পাসপোর্টের নিয়মে (Passport Rules) বড় পরিবর্তন করছে কেন্দ্রীয় সরকার।

পাসপোর্টের ফি বাড়ল-

কেন্দ্রীয় সরকার ১৯৮০ সালের পাসপোর্ট নিয়ম সংশোধন করে, ফি বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চতুর্থ তফসিলে এই নতুন ফি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুযায়ী, আবেদনকারীদের এখন সাধারণ এবং তৎকাল- উভয় পাসপোর্টের জন্যই বেশি টাকা দিতে হবে।

সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, ১৮ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্টের স্ট্যান্ডার্ড ফি ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে। অর্থাৎ আবেদনকারীদের এখন অতিরিক্ত ১,০০০ টাকা খরচ করতে হবে।

 যারা পাসপোর্টে তৎকাল পরিষেবা বেছে নেবেন, তাদের ৩,৫০০ টাকার পরিবর্তে ৫,০০০ টাকা দিতে হবে। অর্থাৎ ফি ১,৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, সরকার ৬০ পৃষ্ঠার জাম্বো পাসপোর্টের ফি-ও বাড়িয়েছে, যা মূলত আন্তর্জাতিক ভ্রমণকারীরা ব্যবহার করেন। ৬০ পৃষ্ঠার পাসপোর্টের সাধারণ আবেদন ফি এখন ২,০০০ টাকা থেকে বেড়ে ৩,৫০০ টাকা হয়েছে। তৎকালে আবেদন ফি ৪,০০০ টাকা থেকে বেড়ে ৬,০০০ টাকা হয়েছে

পাসপোর্ট হারিয়ে গেলে কত খরচ পড়বে?

আপনার পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, তার বদলে নতুন পাসপোর্ট পাওয়াও এখন ব্যয়বহুল হয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ৩৬ পৃষ্ঠার পাসপোর্ট পুনরায় ইস্যু করার ক্ষেত্রে সাধারণ ফি ৫,০০০ টাকা ছিল, কিন্তু তৎকালে ফি বাড়িয়ে তা ৭,৫০০ টাকা হয়েছে। একইভাবে, হারিয়ে যাওয়া ৬০ পৃষ্ঠার পাসপোর্ট ফেরত পেতে  সাধারণ ফি ৬,০০০ টাকা এবং তৎকাল চার্জ ৮,৫০০ টাকা নির্ধারণ করেছে।

নাবালকদের ক্ষেত্রে ফি-

১৮ বছরের কম বয়সী নাবালকদের জন্য নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে পাসপোর্টের  ফি ধার্য করা হয়েছে ১৭৫০ টাকা। তৎকাল পাসপোর্টের ফি ধার্য করা হয়েছে ৪২৫০ টাকা।

নাবালকরা যদি ৩৬ পৃষ্ঠার পাসপোর্ট হারিয়ে ফেলে, তবে নতুন পাসপোর্ট তৈরি করতে ৪২৫০ টাকা ফি দিতে হবে। তৎকাল ফি বেড়ে ৬৭৫০ টাকা হয়েছে।

অন্যান্য নথির ফি-ও বাড়ল-

এর পাশাপাশি অন্যান্য নথির ফি-ও সংশোধন করা হয়েছে। পরিচয়পত্রের ফি ১০০০ টাকা হলেও, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সারেন্ডার সার্টিফিকেট, গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম ভেরিফিকেশন এবং অন্যান্য পাসপোর্ট-ভিত্তিক সার্টিফিকেটের ফি বাড়িয়ে ৭৫০ টাকা করা হয়েছে। যারা বিদেশ থেকে আবেদন করছেন, তাদের জন্য ৩৬-পৃষ্ঠার পাসপোর্টের ফি ১২৫ মার্কিন ডলার এবং তৎকাল ফি ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

১০ শতাংশ ছাড়-

উল্লেখ্য, ১৮ বছরের বেশি বয়সীদের জন্য ইস্যু করা সাধারণ পাসপোর্টের মেয়াদ হয় ১০ বছর। ১৮ বছরের কম বয়সী নাবালকদের জন্য ইস্যু করা পাসপোর্টের মেয়াদ ৫ বছর অথবা তাদের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত হয়। তবে কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। ৮ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকরা নতুন পাসপোর্টের আবেদনে ১০ শতাংশ ফি ছাড় পাবেন। এই ১০ শতাংশ ছাড় শুধুমাত্র নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রেই প্রযোজ্য, পুরোনো পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে পাওয়া যাবে না।

৩০ জুন পর্যন্ত যারা নতুন পাসপোর্ট তৈরি করবেন বা পাসপোর্ট রিনিউ করবেন, তাদের পুরনো ফি-ই দিতে হবে।  ১ জুলাই থেকে নতুন আবেদনকারীকে বর্ধিত হারেই ফি দিতে হবে। সরকার সম্প্রতি স্পষ্ট করেছে যে ভারতীয় পাসপোর্ট শুধুমাত্র একটি আন্তর্জাতিক ভ্রমণ নথি।এটি নাগরিকত্বের প্রমাণ নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *