শুরুতেই জমিয়ে ছক্কা ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র, বিশ্বকাপের মরশুমে TRP তালিকায় নজর কাড়ল কারা?
বেশ কয়েক সপ্তাহ ধরেই TRP তালিকায় নানা ওঠাপড়া। এ বলে আমায় দ্যাখ, তো ও বলে আমায়। বহু ধারাবাহিকে হয়েছে নানা রদবদল। কোথাও বদলেছে মুখ। কারও আবার সময় পরিবর্তিত হয়েছে। অনেক ধারাবাহিক নির্ধারিত সময়ের বেশি ৪৫ মিনিট পর্যন্ত সম্প্রচারিত হয়েছে। ফলে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়েছে টিআরপি তালিকায়ও।
এ বার প্রথম স্থানে ‘পরিণীতা’ ও ‘তারে ধরি ধরি মনে করি’। রেটিং ৫.৩। দ্বিতীয় স্থানে এন্ট্রি স্টার জলসার। যেখানে যৌথ ভাবে ‘পরশুরাম’ ও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। রেটিং ৫.১। এই ধারাবাহিকে সময়ের অনেক পরিবর্তন হয়েছে। বিভিন্ন অদলবদলের মাঝেই টিআরপিতে নিজেদের জায়গা ধরে রাখতে সফল হয়েছে ‘জোয়ার ভাঁটা’। এই ধারাবাহিকে নিশার বিয়েকে কেন্দ্র করেই অন্য দিকে মোড় নিয়েছে গল্প। রেটিং ৫.০।
তবে তালিকার চতুর্থ স্থানে থাকা ধারাবাহিক এ বার সবচেয়ে বড় চমক। শুরুর পরেই এমন স্থান দখল করা খুব একটা মুখের কথা নয়। ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’র টিআরপি ৪.৯। একেবারে পুরোনো গন্ধে ভরা নতুনের মোড়কে তৈরি এই ধারাবাহিক মন ছুঁয়েছে সকলের।
স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’র সঙ্গে ৪.৭ রেটিং নিয়ে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ‘গঙ্গা’। বিশ্বকাপ আবহে ধারাবাহিকের টিআরপিতে তেমন পরিবর্তন না হলেও, পয়েন্টে যে বিস্তর পার্থক্য হয়েছে, তা একেবারেই নয়। তবে প্রথম পাঁচে নতুন মেগার এন্ট্রি যে নজরকাড়া, এ কথা বলাই যায়।