২ ঘণ্টার তাণ্ডব! প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তছনছ কলকাতা

কলকাতায় শুরু হয়েছে প্রবল ঝড়-বৃষ্টি। মঙ্গলবারের দুপুরের আকাশ ঢেকে যায় কালো মেঘে।

টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমে যায়।সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি হয়। শহরের ধর্মতলা, মেয়ো রোড-সহ একাধিক এলাকায় ঝড়ের কারণে তছনছ হয়ে যায়।

জল জমে গিয়েছে কলকাতার একাধিক রাস্তায়। মেয়ো রোড ও ডাফরিন রোডে ভেঙে পড়েছে গাছ।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। প্রায় ২ ঘণ্টা ধরে চলছে এই বৃষ্টি। ঝড়ে গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ।
শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়েছে। জওহরলাল নেহরু রোডে বিধান মার্কেটের সামনে রাস্তার উপরে গাছ পড়ে বিপত্তি। ময়দান এলাকায় একাধিক গাছ ভেঙে পড়েছে।
দুপুর ২টো থেকেই হঠাৎই আকাশ ঢেকে যায় কালো মেঘে। এর পরেই শুরু হয় ঝেঁপে বৃষ্টি ও সঙ্গে বেপরোয়া হাওয়া।
বিকেলের পরে বৃষ্টির বেগ কিছুটা কমলেও ঝিরিঝিরি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। সঙ্গে মেঘের গর্জন আর বজ্রপাত অব্যাহত।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দুপুর ২টো ৪০ থেকে পরবর্তী ২-৩ ঘণ্টার জন্য কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে।

তীব্র বৃষ্টির সঙ্গে বজ্রপাত, দমকা বাতাসের পূর্বাভাসও দেওয়া হয়েছে। বাতাসের গতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থাকবে।