লোধাশুলীতে জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান, বিপাকে প্রায় ১৫০ ব্যবসায়ী - 24 Ghanta Bangla News
Home

লোধাশুলীতে জাতীয় সড়কের ধারে উচ্ছেদ অভিযান, বিপাকে প্রায় ১৫০ ব্যবসায়ী

Spread the love

Jhargram , Eviction Drive, National Highway , West Bengal News

সংবাদাতা, ঝাড়গ্রাম: জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে ঝাড়গ্রামের (Jhargram ) লোধাশুলী বাসস্ট্যান্ড এলাকায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন প্রায় ১৫০ জন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশে ৬ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একাধিক দোকান সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

দোকানদারদের অভিযোগ, সম্প্রতি তাঁদের জানানো হয়েছে যে ফুটপাত এবং জাতীয় সড়কের ধারে থাকা দোকানগুলি অবৈধ দখলের আওতায় পড়ে। সেই কারণে দোকান সরিয়ে নেওয়ার নোটিস দেওয়া হয়েছে। নোটিস পাওয়ার পর থেকেই সোমবার সকাল থেকে বহু ব্যবসায়ী নিজেরাই দোকান ভাঙার কাজ শুরু করেন।

অভিযানকে ঘিরে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে হাইড্রা ও জেসিবি মেশিনও ঘটনাস্থলে আনা হয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ আরও বেড়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, তাঁরা বহু বছর ধরে এই এলাকায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন। তাই উচ্ছেদের আগে তাঁদের জন্য উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। তাঁদের বক্তব্য, লোধাশুলী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল, খাবারের দোকান ও অন্যান্য পরিষেবা কেন্দ্রগুলি শুধু ব্যবসার জায়গা নয়, প্রতিদিনের যাত্রী ও পথচারীদেরও গুরুত্বপূর্ণ ভরসাস্থল।

ব্যবসায়ীদের আশঙ্কা, দোকানগুলি ভেঙে দেওয়া হলে শতাধিক পরিবারের রুজি-রুটির উপর সরাসরি প্রভাব পড়বে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রীদেরও নানা সমস্যার মুখে পড়তে হবে।

বর্তমানে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তবে পুনর্বাসনের দাবি মেনে নেওয়া হবে কি না, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ঘোষণা করা হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *