PM Kisan Samman Nidhi 23rd Installment: সরাসরি অ্যাকাউন্টে ঢুকবে ২০০০ টাকা, তারকেশ্বর থেকে প্রধানমন্ত্রী মোদী করবেন বড় ঘোষণা | Pm kisan samman nidhi update good news for farmers pm kisan 23rd installment of 2000 rs will be released on this date by pm narendra modi from hoogly
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: দেশের অন্নদাতা কৃষকরা। তাদের প্রাধান্য দিতে নানা প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি (PM Kisan Samman Nidhi)। এই স্কিমে প্রতি বছর কৃষকদের ৬ হাজার টাকা করে দেওয়া হয়। দেশের লক্ষ লক্ষ কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তির। কবে এই কিস্তির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে?
গত ১৩ মার্চ অসমের গুয়াহাটি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পিএম কিসান সম্মাননিধির ২২তম কিস্তি রিলিজ করেছিলেন। তিন মাস অন্তর যেহেতু এই কিস্তি দেওয়া হয়, সেই হিসাবে জুন মাসেই পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তি আসার কথা।
কবে ২৩ তম কিস্তি আসবে?
আগামী ২০ জুন হুগলির তারকেশ্বরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকেই তিনি পিএম কিসান সম্মান নিধির ২৩ তম কিস্তি রিলিজ করবেন। সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ডিরেক্ট বেনেফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে।
কারা পিএম সম্মান নিধির সুবিধা পাবেন?
এই স্কিমের অধীনে যোগ্য কৃষকরা প্রতি বছর তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন। এই টাকা দিয়ে কৃষকরা বীজ, সার থেকে শুরু করে চাষবাসের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারেন।
এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র সেই কৃষক পরিবারগুলি পাবেন, যাদের নামে কৃষিযোগ্য জমি রয়েছে। আবেদনকারীর কৃষকের নিজ নামে বা পরিবারের নামে চাষযোগ্য জমি থাকতে হবে।
নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
ব্যাঙ্ক ও আধার লিঙ্ক: আবেদনকারীর সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যা আধার কার্ডের সঙ্গে যুক্ত (Aadhaar Seeded) থাকা বাধ্যতামূলক।
কারা আবেদন করতে পারবেন না?
- যারা প্রাতিষ্ঠানিক জমির মালিক, তারা এই স্কিমে আবেদন করতে পারবেন না।
- বর্তমানে বা প্রাক্তন সাংবিধানিক পদের অধিকারী ব্যক্তিরা এই স্কিমে আবেদন করতে পারবেন না।
- আয়কর (Income Tax) প্রদানকারী, কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগী, তারাও আবেদন করতে পারবেন না।
কোথায় গিয়ে আবেদন করবেন?
যোগ্য কৃষকরা অনলাইনে পিএম কিসানের অফিসিয়াল পোর্টাল (PM-KISAN Official Portal)-এ গিয়ে অথবা নিকটস্থ কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে নতুন কৃষক হিসেবে আবেদন করতে পারেন।
কারা পিএম কিসান সম্মাননিধির ২৩তম কিস্তি পাবেন?
কেন্দ্রীয় সরকার সম্প্রতিই পিএম কিসান সম্মাননিধির উপভোক্তাদের তালিকায় কাটছাঁট করেছে। যারা ২০১৯ সালের ১ ফেব্রুয়ারির পর জমি কিনেছেন, যাদের পরিবারে একের বেশি উপভোক্তা রয়েছেন, তাদের ভেরিফিকেশন না হওয়া অবধি এই আর্থিক সাহায্য দেওয়া স্থগিত রাখা হয়েছে।
এছাড়া পিএম কিসান সম্মান নিধির সুবিধা পাওয়ার ক্ষেত্রে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।