‘বাক স্বাধীনতা আছে মানেই…’, প্রণীতকে কড়া বার্তা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের
স্ট্যান্ড-আপ কমেডিয়ান প্রণীত মোরের শোয়ে ‘৩৭০ টাকার বিরিয়ানি’ বিতর্ক নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ (Devendra Fadnavis)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়। বিনোদনের নামে ব্যক্তি মর্যাদার সীমা অতিক্রম করাও গ্রহণযোগ্য নয়।
বিরিয়ানি বিতর্কে উত্তাল দেশ। বিনোদন থেকে রাজনৈতিক পরিসর, কমেডিয়ানের মন্তব্য নিয়ে তীব্র নিন্দা হচ্ছে। এই প্রসঙ্গে নিজের মত প্রকাশ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও। তাঁর মতে, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। তবে সেই অধিকারের সঙ্গে দায়িত্বও জড়িয়ে রয়েছে। স্বাধীনতা কখনওই স্বেচ্ছাচারে পরিণত হওয়া উচিত নয়।
ফড়নবীশ বলেন, ‘শিল্প, সাহিত্য, সিনেমা কিংবা কমেডি— সব ক্ষেত্রেই সৃজনশীল স্বাধীনতা থাকা জরুরি। কিন্তু সেই স্বাধীনতা এমন পর্যায়ে পৌঁছানো উচিত নয়, যেখানে ব্যক্তি, সমাজ বা কোনও সম্প্রদায়ের মর্যাদা ক্ষুণ্ণ হয়।’ তিনি আরও বলেন, ‘বিনোদনের ক্ষেত্রেও কিছু সীমারেখা রয়েছে এবং সেই সীমার প্রতি সম্মান দেখানো দরকার।
মুখ্যমন্ত্রী একদিকে যেমন মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিক কনটেন্ট ক্রিয়েটর দায়িত্বশীল হওয়ার বার্তাও দিয়েছেন। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত প্রকাশের সুযোগ অবশ্যই থাকবে, কিন্তু সেই প্রকাশ যেন কাউকে অপমান করার বা সামাজিক সৌজন্যের সীমা ভাঙার মাধ্যম না হয়ে ওঠে।
এদিকে এই বিতর্কের জেরে মুম্বইয়ের মেয়র রিতু তডে(Ritu Tawde) আরও কড়া অবস্থান নিয়েছেন। তিনি স্ট্যান্ড-আপ কমেডি শোগুলির ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার কথাও বলেছেন। তাঁর অভিযোগ, কিছু কমেডি অনুষ্ঠানে এমন বিষয়বস্তু পরিবেশন করা হচ্ছে যা সমাজের একাংশের অনুভূতিতে আঘাত করছে।