Chandrakona: পড়াশোনা না করলেও মিলত বেশি নম্বর! শিক্ষকদের বিরুদ্ধেই গুরুতর দুর্নীতির অভিযোগ | Protest at school against corruption, gurdians demand investigation
চন্দ্রকোনা: ১৫ বছরে স্কুলে হয়েছে চরম দুর্নীতি! শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের বৈঠকে প্রকাশ্যে এল একের পর এক অভিযোগ। মিড ডে মিল থেকে বই, সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই সময় স্কুল পরিচালন কমিটিতে থাকা সদস্যরাও এবার সরব হয়েছেন। পড়াশোনা না করা স্কুল ছাত্রের নম্বর বাড়িয়ে দেওয়া, রবিবারও মিড ডে মিলের খাবার খাইয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে। তৎকালীন পরিচালন কমিটির সভাপতি থেকে শুরু করে শিক্ষকদের একাংশের বিরুদ্ধে উঠেছে অভিযোগ।
পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া হাইস্কুলের ঘটনা। অভিযোগ, ১৫ বছর ধরে স্কুলে হয়েছে চরম দুর্নীতি। ভেঙে পড়েছে স্কুলের শিক্ষাব্যবস্থা, স্কুল পরিকাঠামো বেহাল দশা। শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মিটিংয়ে উঠে এল এমনই সব অভিযোগ।
পরিচালন কমিটির সদস্যদের দাবি, অনেক শিক্ষকও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। এই অভিযোগ সামনে আসতেই অভিভাবকদের ক্ষোভের মুখে পড়েন স্কুল শিক্ষকরা। অভিযোগ ওঠে, স্কুলের ক্লাস নেওয়ার জন্যও টাকা নিয়েছেন শিক্ষকেরা, স্কুলের মিড ডে মিলের চাল বিক্রি থেকে শুরু করে স্কুল উন্নয়নের কাজেও হয়েছে দুর্নীতি।
তবে এদিন শিক্ষক থেকে তৎকালীন পরিচালন কমিটির সভাপতি কেউ কোনও উত্তর দিতে পারেনি। তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক হিরণ্ময় মুখোপাধ্যায় অভিভাবকদের সঠিক প্রশ্নের উত্তর দিতে পারেনি। দুর্নীতির কথা তুলে ধরলেন স্কুল কমিটির সেক্রেটারি দেবাশিস মুখোপাধ্যায়।