টলিউডে শুটিংয়ের জন্য ইমেল করতে হবে? কী কাণ্ড ঘটেছে জানুন! | Which message has caused controversy in Tollywood - 24 Ghanta Bangla News
Home

টলিউডে শুটিংয়ের জন্য ইমেল করতে হবে? কী কাণ্ড ঘটেছে জানুন! | Which message has caused controversy in Tollywood

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে টলিপাড়ায় টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি ছিলেন স্বরূপ বিশ্বাস। এই মুহূর্তে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ। স্বরূপকে গ্রেফতার করেছে পুলিশ। গত ডিসেম্বরে ফেডারেশনের সভাপতি হিসাবে কাজ শেষ করেছিলেন স্বরূপ। ৪মে রাজ্যে সরকার বদল ঘটে। বিজেপি সরকার গঠন করার পর, টলিপাড়ায় বহু শুটিংই নির্বিঘ্নে ঘটছে।

তবে জটিলতা তৈরি হয়েছে এক অদ্ভুত ইমেল নিয়ে। একটি ইমেল-এ উল্লেখ করা হয়েছে, টলিপাড়ায় শুটিং করতে হলে ফেডারেশনের একটি নির্দিষ্ট ইমেল আইডি-তে মেল করতে হবে। একই সঙ্গে সেখানে যোগাযোগের নম্বর হিসাবে যেটা দেওয়া রয়েছে, সেটি পুরনো ফেডারেশনের হেল্পলাইন নম্বর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র টেকনিশিয়ান বললেন, ”এই মুহূর্তে আমরা যেটা জেনেছি, তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের মাথা হিসাবে রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন পূর্ণিমা চক্রবর্তী। টলিপাড়ায় কীভাবে কাজ হবে, সেই কর্মপদ্ধতির বিষয়ে সরকার যে নির্দেশ দেবে, সেটাই সকলের মেনে চলার কথা। এদিকে এমন ইমেল পাঠিয়ে কারা গুলিয়ে দিতে চাইছেন বিষয়টি, তা বুঝতে পারছি না।” যোগাযোগের নম্বর ফোন করা হলেও, কেউ ফোন তোলেননি।

সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন প্রযোজক প্রান্তিক বসু। টিভি নাইন বাংলাকে তিনি বললেন, ”রাজ্যে নতুন সরকার আসার পরই শুটিং হয়েছে। কাউকে ইমেল করে অনুমতি নিইনি। পরিচিত টেকনিশিয়ান এবং প্রোডাকশন ম্যানেজারকে যোগাযোগ করেই কাজ হয়েছে। কোনওরকম অসুবিধা হয়নি। মনে হয়, এই পদ্ধতিতেই আগামী দিনে কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।”

প্রযোজক রাণা সরকারের একটি ছবির শুটিং চলছে শহরে। তিনি কি কাউকে ইমেল করে অনুমতি নিয়েছেন? টিভি নাইন বাংলাকে রাণা জানালেন, ”আমার এই ছবির শুটিং সরকার বদলের আগে শুরু করেছি। সরকার বদলের পরেও শুটিং করছি। লুক সেটের সময়ে ইমেল করেছিলাম ফেডারেশনকে। এমনিতে শহরের মধ্যে শুটিং করতে গেলে, কোনও ইমেল করতে হয় না। আমাদের পরিচিত টেকনিশিয়ানদের নিয়েই শুটিং চলছে। কোনওরকম অসুবিধা হচ্ছে না। রাজ্য সরকারের তরফে নতুন কোনও নির্দেশিকা এলে, সেটাই মেনে চলব।”

লক্ষণীয় টলিপাড়ায় কনফেডারেশন গড়ার প্রস্তাব দিয়েছেন বিধায়ক পাপিয়া অধিকারী। তবে কোনও ইমেল আইডি-তে মেল করে শুটিংয়ের অনুমতি নেওয়ার কথা বলা হয়নি তাঁর তরফে। এমন কোনও কথা বিধায়ক রুদ্রনীল ঘোষের তরফেও জানা যায়নি। এরকম অবস্থায় এই ইমেল ভাসিয়ে টলিপাড়ায় জটিলতা তৈরি করতে চাইছেন কে? এই নিয়ে টলিপাড়ায় চর্চা তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *