Odisha-এর Hidden Gem Deomali বর্ষায় ঘুরবেন কী ভাবে?
বর্ষায় দেওমালি
চন্দ্রগিরি-পোট্টাংগি উপ-রেঞ্জের অংশ দেওমালি ঘন সবুজ অরণ্যে ঘেরা। পূর্বঘাট পর্বতমালার এক অপার সৌন্দর্যের মুখোমুখি হওয়া যায় এখানে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৬৭২ মিটার উঁচুতে অবস্থিত দেওমালি বছরের যে কোনও সময়ে যাওয়া যায়। পাহাড়ের চূড়ার কাছাকাছি পর্যন্ত গাড়ি যায়। তাই পায়ের সমস্যা থাকলেও অনায়াসে ঘুরে নিতে পারবেন এই পাহাড়ি অঞ্চল। আর ভিউ পয়েন্টে পৌঁছে এই অঞ্চলের যে সৌন্দর্য দেখা যায়, তা ভোলার নয়। অন্ধ্রপ্রদেশ ও ওডিশার বিস্তীর্ণ অঞ্চল দেখা যায় এখান থেকে। আর বর্ষায় মেঘেদের আনাগোনা বাড়লে আরও সুন্দরী ও মোহময়ী হয়ে ওঠে দেওমালি।
কোন কোন জায়গা ঘুরে দেখবেন?
ওডিশার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ এবং ছত্তিশগড় থেকেও বহু মানুষ উইকএন্ডে এখানে বেড়াতে আসেন। বিভিন্ন প্রজাতির পাখি দেখার জন্য মানুষের বেশি ভিড় থাকে। বক, ব্ল্যাক ড্রঙ্গো এবং লং-টেইলড শ্রাইকের মতো পাখির দেখা মেলে এখানে। এ ছাড়া অ্যাডভেঞ্চারপ্রেমীরা আসেন ট্রেকিং ও ক্যাম্পিংয়ের জন্য। নীচের জলাশয় থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার হাঁটতে হয়।