Ghatal Tea: চায়ের দোকানে গেলেই হচ্ছিল নেশা! ব্যাপার কী জানতে পুলিশ হানা দিতেই ঝুলি থেকে বেরল বিড়াল | Liquor bottle recovered from tea stall in Ghatal; one arrested - 24 Ghanta Bangla News
Home

Ghatal Tea: চায়ের দোকানে গেলেই হচ্ছিল নেশা! ব্যাপার কী জানতে পুলিশ হানা দিতেই ঝুলি থেকে বেরল বিড়াল | Liquor bottle recovered from tea stall in Ghatal; one arrested

Spread the love

ঘাটাল: বাইরে থেকে দেখলে মনে হবে নেহাতই এক সাদামাটা চায়ের দোকান। উনুনে কেটলি ফুটছে, সামনে বিস্কুটের বয়াম সাজানো। কিন্তু একটু ইশারা করলেই চায়ের বদলে হাতে চলে আসতো মদের বোতল! এমনই এক অভিনব ব্যবসা খুলে বসেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার নিশ্চিন্দিপুর এলাকার এক চা-বিক্রেতা আবির দোলই। দীর্ঘদিন ধরেই নাকি এই ডুয়েল বিজনেস রমরমিয়ে চলছিল। এলাকার মানুষ অবাক হয়ে ভাবতেন, সন্ধ্যা হলেই ওই চায়ের দোকানে এত ভিড় কেন? সবাই কি হঠাৎ এত চা-প্রেমী হয়ে গেল! আসলে চা তো ছিল শুধুই বাহানা, আসল আকর্ষণ ছিল ভিতরের সিক্রেট বোতল। দুধ-লিকারের আড়ালে দিব্যি বিক্রি হচ্ছিল বিদেশি মদের বোতল! দিনেরবেলাতেও ভিড় নেহাৎ কম ছিল না। কিন্তু শেষ পর্যন্ত সব পর্দাফাঁস। 

গোপন সূত্রে এই অভিনব চায়ের দোকানের খবর চলে যায় ঘাটাল থানায়। শনিবার সন্ধ্যায় আচমকাই পুলিশ গিয়ে হাজির হয় নিশ্চিন্দিপুরের ওই স্পেশাল চায়ের দোকানে। পুলিশি তল্লাশি শুরু হতেই দোকানের আসল রূপ বেরিয়ে পড়ে। চায়ের কেটলির পাশ থেকেই জাদুর মতো উদ্ধার হতে থাকে একের পর এক মদের বোতল!

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। চা বিক্রির নাম করে বেআইনিভাবে মদের কারবার চালানোর অভিযোগে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে দোকানের মালিক আবির দোলইকে। এদিনই তাঁকে আদালতে তোলা হচ্ছে। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তাও জানার চেষ্টা পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *