‘মানুষের প্রতি আমি কৃতজ্ঞ’, ছাত্র রাজনীতি থেকে পূর্ণমন্ত্রীর পদে জগন্নাথ
এই সময়, সিউড়ি: সিউড়ি বিদ্যাসাগর কলেজে পড়াকালীন এবিভিপি–র প্রার্থী হিসেবে প্রথম বার ছাত্র রাজনীতিতে জয়ী, পরে সাংবাদিকতার কলমকে পাশে রেখে নেমেছিলেন রাজনীতির ময়দানে। ২০২১-এ প্রথম বার বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিকাশ রায়চৌধুরীর কাছে পরাজিত হলেও পড়ে থেকেছেন মাটি আঁকড়ে। গত পাঁচ বছরের নিরন্তর লড়াই, মানুষের পাশে থাকার অঙ্গীকার এবং রাজনৈতিক অধ্যবসায়ের পুরস্কার পেয়েছেন এ বারের বিধানসভা নির্বাচনে। বীরভূমের সিউড়ি বিধানসভার ভোটাররা দু’হাত তুলে আশীর্বাদ করে জিতিয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়কে। এ বার দলের অন্দরেও পেলেন স্বীকৃতি। প্রথম বার বিধায়ক হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের পূর্ণমন্ত্রী হিসেবে সোমবার লোকভবনে শপথ নিলেন সিউড়ির ভূমিপুত্র বিধায়ক জগন্নাথ। তাঁর প্রতিক্রিয়া, ‘পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলাম। সিউড়ির মানুষের প্রতি আমি কৃতজ্ঞ।’