Malda: বন্ধ হয়ে গেল জেলার TMC পার্টি অফিস, সাইনবোর্ড খুলে দিলেন বাড়ির মালিক | TMC Party Office Shut Down as huge Rent Unpaid - 24 Ghanta Bangla News
Home

Malda: বন্ধ হয়ে গেল জেলার TMC পার্টি অফিস, সাইনবোর্ড খুলে দিলেন বাড়ির মালিক | TMC Party Office Shut Down as huge Rent Unpaid

Spread the love

মালদহ: বন্ধ করে দেওয়া হল মালদহ জেলা তৃণমূলের কার্যালয় (TMC Party Office)। তৃণমূলের ভাঙন নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখনই কোনও বুথ বা ওয়ার্ড অফিস নয়, তৃণমূলের জেলা কার্যালয়ই উঠে গেল। বন্ধ করে দিলেন বাড়ির মালিক। খুলে নেওয়া হল সাইনবোর্ড, ফ্লেক্স, ফেস্টুন, পোস্টার। বাড়ির মালিকের দাবি, তৃণমূল সরকারে থাকাকালীন নিজের প্রয়োজন থাকলেও বলতে পারেননি ভয়ে।

বকেয়া ভাড়া, ইলেকট্রিক বিল

গত ৪ মের পরই বাড়ির মালিক জানিয়ে দিয়েছিলেন উঠে যেতে হবে। তাঁর দাবি, দেড় লক্ষ টাকার বেশি টাকা বকেয়া রয়েছে তাঁর। মালদহের রথবাড়ি স্টেশন রোডের ধারে গুরুত্বপূর্ণ জায়গায় মাসে ৩৬ হাজার টাকা ভাড়া দিয়ে চলত তৃণমূল জেলা কার্যালয়। বিদ্যুৎ বিলের টাকা আলাদা।

এই ভাড়াতেই সংসার চলত বাড়ির মালিকের। কিন্তু মাসের পর মাস ভাড়া দেওয়া হত না বলে অভিযোগ বাড়ির মালিক নির্মলা ঘোষের। চার মাসের ১ লক্ষ ৪০ হাজার টাকা ভাড়া বাকি, এছাড়াও প্রায় ২০ হাজার টাকা বিদ্যুৎ-এর বিল বাকি। তিনি জানান, বাধ্য হয়েই তৃণমূল কার্যালয় থেকে পোস্টার, সাইনবোর্ড খুলে নিয়েছেন।

৪ মের পর থেকে জেলা তৃণমূল কার্যালয় প্রায় বন্ধ হয়েই পড়েছিল। মালদহ জেলার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সী বলেন, “এক বছরের এগ্রিমেন্ট ছিল। আমরা সময় চেয়েছিলাম। অন্য জায়গায় অফিস ঠিক করে নিয়েছি। কাল-পরশুর মধ্যে সব টাকা মিটিয়ে জিনিস সরিয়ে নেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *