বৈভবকে থামাতে গুজরাতের মাস্টারপ্ল্যান! পাখির চোখ ফাইনালের টিকিট - 24 Ghanta Bangla News
Home

বৈভবকে থামাতে গুজরাতের মাস্টারপ্ল্যান! পাখির চোখ ফাইনালের টিকিট

Spread the love

দ্বিতীয় কোয়ালিফায়ারে বৈভব সূর্যবংশীকে দ্রুত ফেরানোর লক্ষ্য গুজরাতের (Gujarat Titans)। শুভমন-বাটলারদের লড়াইয়ে জমতে চলেছে ফাইনালের টিকিটের মহারণ।

স্পোর্টস ডেস্ক, কলকাতা: ধর্মশালায় মঙ্গলবার আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। শুভমন গিলদের দল সাধারণত টি-টোয়েন্টির চেনা ছন্দে খেলতে স্বচ্ছন্দ হলেও, দ্রুত রান তোলার বাড়তি চাপ তৈরি হলে তারা অনেক সময় অস্বস্তিতে পড়ে যায়। সেই দুর্বল জায়গাতেই আঘাত হানে বেঙ্গালুরু।

মহম্মদ সিরাজ এবং কাগিসো রাবাডাকে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বেঙ্গালুরুর ব্যাটাররা। চলতি মরশুমে পাওয়ারপ্লের ছয় ওভার প্রায় নিয়মিত একসঙ্গেই বল করেছেন এই দুই পেসার। কিন্তু মঙ্গলবার তাঁদের পরিকল্পনাই ভেঙে দেয় বেঙ্গালুরুর টপ অর্ডার। অধিনায়ক রজত পাতিদারও সেই আক্রমণের ধার বজায় রাখেন। তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে বেঙ্গালুরু তোলে ২৫৪ রান। পরে ৯২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নেয় তারা।

এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার মহারাজা যাদবেন্দ্র সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং গুজরাত টাইটান্স। এই ম্যাচে নজরের কেন্দ্রে থাকবেন রাজস্থানের তরুণ বিস্ময় বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই তিনি যেভাবে ব্যাট হাতে ঝড় তুলেছেন, তা টি-টোয়েন্টি ক্রিকেটে বিরল। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় খেলতে ভালোবাসেন বৈভব। তাই সিরাজ ও রাবাডার বিরুদ্ধে তাঁর লড়াই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।

চলতি মরশুমে বৈভব ইতিমধ্যেই প্রায় ৭০০ রানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন। ফলে গুজরাটের প্রথম লক্ষ্য হবে তাঁকে দ্রুত ফিরিয়ে দেওয়া। কারণ বৈভব আউট হয়ে গেলে রাজস্থানের ব্যাটিংয়ে কিছুটা চাপ তৈরি হয়। যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুরেলও চারশোর বেশি রান করেছেন ঠিকই, কিন্তু মাঝের সারির ব্যাটারদের ধারাবাহিকতা চোখে পড়েনি। বুধবারও বৈভবের ৯৭ এবং জুরেলের অর্ধশতরানের পর শেষ দিকে বড় রান তুলতে ব্যর্থ হয় রাজস্থান। ফলে অধিনায়ক রিয়ান পরাগের উপর বাড়তি দায়িত্ব থাকবে।

অন্যদিকে গুজরাতের অবস্থাও খুব আলাদা নয়। তাদের মাঝের সারিতেও অনিশ্চয়তা রয়েছে। তবে শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার নিয়মিত রান করে দলকে ভরসা দিয়েছেন। এই তিন ব্যাটারকেই দ্রুত ফিরিয়ে দিতে পারলে রাজস্থান অনেকটাই এগিয়ে থাকবে।

বিশেষ করে জোফ্রা আর্চারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বুধবার এলিমিনেটরে তিনি যেভাবে প্রতিপক্ষের টপ অর্ডারে আঘাত করেছিলেন, তেমন কিছু আবার করতে পারলে গুজরাটকে চাপে ফেলে দিতে পারে রাজস্থান। ফলে শুক্রবারের লড়াইয়ে দুই দলের তারকা ব্যাটার এবং পেসারদের দ্বৈরথই ঠিক করে দিতে পারে কে উঠবে ফাইনালে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *