বিবাহিত তরুণীর সঙ্গে প্রেম, সম্পর্ক থেকে বেরোতে চাইতেই… শোরগোল বারুইপুরে
সম্পর্কে টানাপড়েনের জেরে যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বারুইপুর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরুণাভ হালদার (৩৬)। রূপা দাস নামে বিবাহিত এক তরুণীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ। ওই তরুণীকেই কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দা এবং মৃতের পরিবারের লোকজন। বারুইপুরের ফুলতলার নেতাজিনগর এলাকায় রবিবারের ঘটনা। মঙ্গলবার অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে থানার সামনে স্থানীয়দের বিক্ষোভের পরে ঘটনা সামনে আসে। অভিযুক্ত এবং তাঁর স্বামী পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, ফুলতলায় বাড়ি অরুণাভর। তাঁর বাবার ইমারতির ব্যবসা ছিল। বাবার ব্যবসা সামলাতে তিনি। ওই এলাকাতেই স্বামীর সঙ্গে থাকতেন রূপা। তাঁদের এক সন্তানও রয়েছে। এলাকারই একটি প্রসাধনীর দোকানে কাজ করতেন রূপা। একই পাড়ায় থাকার সূত্রেই অরুণাভর সঙ্গে আলাপ হয় তাঁদের। পরে তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। অরুণাভর পরিবারের অভিযোগ, অরুণাভর কাছ থেকে টাকাপয়সা নিতেন রূপা।
গত কয়েক মাস ধরেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে চাইছিলেন অরুণাভ। অভিযোগ, তার পর থেকেই তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন রূপা। পরিবারের দাবি, মানসিক অবসাদে ভুগছিলেন অরুণাভ। শেষে ২২ মে নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই রবিবার (২৪ মে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরেই রূপার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তোলেন অরুণাভর পরিবারের লোকজন। থানায় অভিযোগও জানান তাঁরা। কিন্তু ঘটনার পরে ৭২ ঘণ্টা কেটে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে বারুইপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আগেও একাধিক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রূপা। এমনকী তাঁদেরও ব্ল্যাকমেইল করতেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণী এবং তাঁর স্বামী পলাতক। তাঁদের পালাতে সাহায্য করার অভিযোগে রূপার কাকা ও কাকিমাকে আটক করে থানায় নিয়ে যান বাসিন্দারা। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। বারুইপুর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।