Rain in Bengal: তীব্র দহনের মাঝেই স্বস্তির ‘দূত’ হয়ে এল কালবৈশাখী, কোন কোন জেলাতে চলবে বৃষ্টি? | Relief From Heatwave as Kalbaisakhi Rain Cools Several South Bengal Districts - 24 Ghanta Bangla News
Home

Rain in Bengal: তীব্র দহনের মাঝেই স্বস্তির ‘দূত’ হয়ে এল কালবৈশাখী, কোন কোন জেলাতে চলবে বৃষ্টি? | Relief From Heatwave as Kalbaisakhi Rain Cools Several South Bengal Districts

Spread the love

জেলায় জেলায় চলছে বৃষ্টি Image Credit: Soumyabrata Roy/NurPhoto via Getty Images

দুপুরের পর থেকেই ঝাড়খণ্ড-ওড়িশা থেকে বাংলার আকাশে ঢুকে বজ্রগর্ভ মেঘ। আর তাতেই গত কয়েক সপ্তাহ ধরে চলা একটানা তীব্র গরমের মাঝে খানিক স্বস্তি। যদিও পূর্বাভাস আগেই দিয়ে রেখেছিল হাওয়া অফিস। তাই সত্যি করে জেলায় জেলায় নামলো বৃষ্টি। সঙ্গে কালবৈশাখী। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ স্বস্তির বৃষ্টির জেরে একধাক্কায় নামল তাপমাত্রার পারদ। তীব্র দহনজ্বালা থেকে সাময়িক মুক্তি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে বঙ্গবাসী। 

বাঁকুড়া জেলায় গত কয়েকদিন ধরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছিল। সঙ্গে ছিল চড়া রোদের দাপট। তবে বুধবার বিকেলে আচমকাই ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। হালকা ঝোড়ো বাতাসের সঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। একই ছবি দেখা গিয়েছে পুরুলিয়াতেও। সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহের পর এদিন দুপুর গড়াতেই মেঘ কালো করে ধেয়ে আসে কালবৈশাখী।

শিল্পাঞ্চল আসানসোলেও বুধবার দিনভর ছিল তীব্র গরম। তবে বিকালের পর আকাশ মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও বৃষ্টির পর পারদ নেমে দাঁড়ায় ২৬ ডিগ্রিতে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করছে ৭৪ শতাংশের আশেপাশে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাতে বৃষ্টির সম্ভাবনা ২০ শতাংশে নেমে এলেও আকাশ মূলত মেঘলা থাকবে।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই বিকেল থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। বাদ যায়নি বর্ধমানও। সেখানেও শেষ বিকেলে আকাশ কালো করে ধেয়ে আসা কালবৈশাখীয ঝড় ও বৃষ্টির দাপটে আবহাওয়া এখন অনেকটাই মনোরম হয়ে উঠেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *