Imtiaz Ali Deepika Padukone controversy: 'এই জন্মে তোমার সঙ্গে...', দীপিকার কাছে কেন ক্ষমা চাইলেন ইমতিয়াজ? | Imtiaz Ali Issues Clarification To Deepika Padukone Over 'Good Girl Facade' Remark - 24 Ghanta Bangla News
Home

Imtiaz Ali Deepika Padukone controversy: ‘এই জন্মে তোমার সঙ্গে…’, দীপিকার কাছে কেন ক্ষমা চাইলেন ইমতিয়াজ? | Imtiaz Ali Issues Clarification To Deepika Padukone Over ‘Good Girl Facade’ Remark

Spread the love

শাহরুখ খানের (Shah Rukh Khan) হাত ধরে বলিউডে এসেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বলিউডে তাঁর অন্যতম ভালো বন্ধু হলেন জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি (Imtiaz Ali)। কিন্তু সম্প্রতি তাঁদের এই দীর্ঘদিনের বন্ধুত্বে যেন একটু সমস্যা দেখা দিয়েছে। প্রকাশ্যে অভিনেত্রীর ‘গুড গার্ল’ বা ‘লক্ষ্মী মেয়ে’ ইমেজকে ‘লোক দেখানো’ বলে মন্তব্য করেছিলেন পরিচালক। আর এই কথা নিয়েই সোশাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। সমালোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে, তাই শেষ পর্যন্ত ড্যামেজ কন্ট্রোলে নামতে হল খোদ ইমতিয়াজকে। সোশাল মিডিয়ায় অনেক বড় একটি পোস্ট করে বন্ধু দীপিকার কাছে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি খবরের স্ক্রিনশট শেয়ার করেন ইমতিয়াজ। সেখানে তাঁর বিতর্কিত মন্তব্যের হেডলাইন লেখা ছিল। এই ছবির সঙ্গেই তিনি দীপিকার উদ্দেশে একটি আবেগঘন বার্তা লিখেছেন। পরিচালক লিখেছেন, “আমার সবচেয়ে প্রিয় দীপিকা, তুমি আমার বন্ধু। তোমার সঙ্গে আমি সবসময় মজা করতে পারি। আমি জানি, তুমি কখনও আমার এই কথার ভুল মানে বের করবে না। তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি আর সম্মান করি।”

এরপরই আসল কথায় আসেন তিনি। ইমতিয়াজ আরও লেখেন, “আমাকে অনেকেই বলছে যে তুমি নাকি আমার কথায় কষ্ট পেতে পারো। তাই বাধ্য হয়েই বলছি, দয়া করে আমায় ভুল বুঝো না। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করা এই জন্মে অন্তত সম্ভব নয়।” তিনি আরও জানান যে, এই পোষ্ট করবেন না ভেবেছিলেন, কিন্তু তিনি কোনও ঝুঁকি নিতে চাননি। তাই সরাসরি ভুল ভেঙে দেওয়াটাই ঠিক বলে মনে করেছেন।

Imtiaz

Imtiaz

কিন্তু ঠিক কী ঘটেছিল? কয়েকদিন আগেই এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ২০১২ সালের ‘ককটেল’ ছবির কথা তুলে ধরেন পরিচালক। সেখানে ভেরোনিকা চরিত্রের সঙ্গে দীপিকার আসল জীবনের তুলনা করতে গিয়ে তিনি বলেন, “সেই সময় দীপিকার যে ইমেজ ছিল, ভেরোনিকা তার থেকে একদম আলাদা। কিন্তু ওর সঙ্গে পার্টি করার সুবাদে আমি জানি, ও কতটা পাগল হতে পারে। যদিও সেই সময় ও নিজেকে একটা ‘গুড গার্ল’ হিসেবেই তুলে ধরত। এখন মানুষ সেই লোকদেখানো স্বভাবের পিছনের আসল মানুষটিকে চিনেছে।” পরিচালকের এই ‘লোকদেখানো’ বা ‘ফ্যাকাড’ শব্দটি নিয়েই শুরু হয়েছিল যাবতীয় বিতর্ক।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘লাভ আজ কাল’ এবং ২০১৫ সালে ‘তামাশা’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দু’জন। বর্তমানে ইমতিয়াজ তাঁর আগামী ছবি ‘ম্যায় বাপস আউঙ্গা’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন। দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী, বেদাঙ্গ রায়না অভিনীত এই ছবি আগামী ১২ জুন রিলিজ করবে। অন্যদিকে, দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ এবং আল্লু অর্জুনের সঙ্গে ‘রাকা’। সব মিলিয়ে, বন্ধুত্বের এই ঝামেলা মিটে যাওয়ায় বেশ স্বস্তিতে দুই তারকার ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *