পাশে শুয়ে স্ত্রী, কেঁদে ভাসালেন নেইমার, সেই রাতে কী হয়েছিল ব্রাজ়িলিয়ান তারকার?
দীর্ঘ আড়াই বছর পরে ব্রাজ়িলের জাতীয় দলে ফিরেছেন নেইমার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন FIFA বিশ্বকাপের জন্য ব্রাজ়িলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন এই তারকা ফুটবলার। ফর্ম, ফিটনেস নিয়ে সংশয় থাকলেও হেড কোচ কার্লো আন্সেলোত্তি ভরসা রেখেছেন তাঁর উপরে। নেইমারের এই কামব্যাকে খুশি ফুটবলপ্রেমীরা। স্বয়ং নেইমারের কাছে কেমন ছিল সেই অনুভূতি? এই নিয়ে মুখ খুললেন নেইমার নিজেই। জানালেন পুরো রাতটাই জেগে কাটিয়েছিলেন। পাশে ছিলেন বান্ধবী ব্রুনা বিয়ানকার্ডি, তবুও কেঁদে ভাসিয়েছিলেন নেইমার। কী হয়েছিল সেই রাতে?
ব্রাজ়িল দলে কামব্যাক নিয়ে কী জানালেন নেইমার?
নেইমারের কাছে এই ব্রাজ়িল দলে কামব্যাক শুধুই একটা টুর্নামেন্টে সুযোগ পাওয়া নয়। এর সঙ্গে জড়িয়ে ছিল স্বস্তি, দীর্ঘ অনিশ্চয়তার অবসান এবং একরাশ আবেগ। সাও পাওলোতে এক অনুষ্ঠানে কথা বলতে গিয়ে এই নিয়ে মুখ খোলেন নেইমার। সান্তোসের তারকা স্বীকার করে নেন, পুরো রাতটাই তিনি জেগে কাটিয়েছেন।
তিনি বলেন, ‘আমি ভোরবেলা ঘুমাতে গিয়েছিলাম। সারারাত ধরে দল ঘোষণা ও কামব্যাক নিয়ে সমস্ত ভিডিয়ো দেখেছি। একটুও কান্না থামাতে পারিনি। আমার স্ত্রী আর মেয়েরা একই বিছানায় ঘুমোচ্ছিল, আর আমি ভিডিয়ো দেখতে দেখতে কাঁদছিলাম। কারণ এই পথটা একেবারেই সহজ ছিল না।’
Neymar broke down into tears after getting selected for the World Cup ❤️
Look what it means to him
(via @neymarjr) pic.twitter.com/DebjWViOVq
— ESPN FC (@ESPNFC) May 19, 2026
৩৪ বছর বয়সি নেইমার নিজের প্রজন্মের অন্যতম সফল তারকা। তিনি পরিবারের পাশে বসে নীরবে কান্নায় ভেঙে পড়ছেন— এই ছবিটাই যেন বলে দেয় কামব্যাকের জন্য কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। চোটের জন্য বারবার ধাক্কা, দক্ষতা নিয়ে প্রশ্ন— সবকিছু পেরিয়ে, লড়াই করে ফিরেছেন দলে। নেইমার স্পষ্ট বলেন, ‘শেষ পর্যন্ত সব কষ্ট সার্থক হয়েছে। এই ভালোবাসা, এই আবেগ, ব্রাজ়িলিয়ান হয়ে বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার অনুভূতি— বলে বোঝাতে পারব না।’
তবে এই আবেগঘন প্রত্যাবর্তনের মাঝেই নেইমারের চোট নিয়ে বাড়ছে আশঙ্কা। কাফ মাসলে চোট পেয়েছেন তিনি। ফলে বিশ্বকাপের আগে ব্রাজ়িলের প্রস্তুতি ম্যাচগুলোয় তাঁর খেলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ব্রাজ়িলের বিশ্বকাপ প্রস্তুতি শিবির শুরু হবে ২৭ মে। ৩১ তারিখ পানামার বিরুদ্ধে এবং ৬ জুন মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেকাওরা। তার পরে ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। এখন দেখার চোট সারিয়ে কবে ফেরেন নেইমার।