দুরন্ত ছন্দে ব্যাঙ্কিং স্টক, ২৩২ পয়েন্ট বাড়ল সেনসেক্স, উত্থান রুপিতেও
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধি হলো সেনসেক্স ও নিফটি৫০-র। দেশের তিন বেসরকারি ব্যাঙ্কের শেয়ারে বড় অঙ্কের উত্থানই শুক্রবার দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধির পক্ষে সহায়ক হয়েছে বলে মত বাজার বিশেষজ্ঞদের একাংশের। এই বৃদ্ধির জেরে সপ্তাহের শেষে বৃদ্ধি হলো শেয়ার বাজারের।
শুক্রবারের ট্রেডিং সেশনে সেনসেক্স বেড়েছে ২৩২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। এই বৃদ্ধির পরে এ সপ্তাহের শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ৭৫,৪১৫ পয়েন্টে। অন্য দিকে এ সপ্তাহের শেষে নিফটি৫০ রয়েছে ২৩,৭১৯ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স বেড়েছে ৬৪ পয়েন্ট বা ০.২৭ শতাংশ।
সেনসেক্স ও নিফটি৫০-র বৃদ্ধি দিনেও মিড ক্যাপ ও স্মল ক্যাপ ইনডেক্সগুলির পারফরম্যান্স মন ভরাতে পারেনি লগ্নিকারীদের। বিএসই ১৫০ মিড ক্যাপ ইনডেক্স ০.১১ শতাংশ বাড়লেও বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্স কমেছে ০.২৬ শতাংশ।
সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে শুক্রবারের ট্রেডিং সেশনে। ব্যাঙ্কিং এবং ফিনান্স সম্পর্কিত ইনডেক্সগুলি স্ট্রং পারফরম্যান্স দেখিয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে প্রাইভেট ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, ব্যাঙ্ক, সার্ভিসেস সেক্টর এবং মেটালের। যদিও ফার্মা, মিডিয়া, আইটি, ক্যাপিটাল মার্কেটের মতো সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে সবচেয়ে বেশি।
সেনসেক্স লিস্টেড স্টকগুলির মধ্যে টপ গেনার: ট্রেন্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এশিয়ান পেইন্টস, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক।
টপ লুজ়ার্স: সান ফার্মা, আইটিসি, পাওয়ার গ্রিড, ভারত ইলেকট্রনিক্স লিমিডেট, ভারতী এয়ারটেল।
শুক্রবার বেলায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২ শতাংশ বেড়ে ১০৫ ডলারের উপরে উঠেছে। আমেরিকা ও ইরানের মধ্যে শান্তিচুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এই বৃদ্ধির কারণ হিসেবে উঠে এসেছে। কিন্তু তেলের দামে বৃদ্ধি সত্ত্বেও টাকার দামে উত্থান বাজার পজ়িটিভ সেন্টিমেন্ট ধরে রাখতে সাহায্য করেছে মত বিশেষজ্ঞদের। শুক্রবার বাজার খোলার পরে ডলারের সাপেক্ষে টাকার দাম শেষ ক্লোজ়িংয়ের থেকে নেমে গিয়েছিল। কিন্তু বেলা গড়াতে ৬৩ পয়সা বেড়ে মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময়দর হয়েছে ৯৫.৭৩।