Soham Chakraborty: ফোন করে সোহমকে প্রাণনাশের হুমকি | Actor Soham Chakraborty receives Life threat from a Producer
বিষয়টা যে এমন ঘটবে, তা আন্দাজও করতে পারেননি টলিউড অভিনেতা তথা তৃণমূল নেতা সোহম চক্রবর্তী। শেষমেশ বাধ্য হয়েই বিষয়টা আনলেন প্রকাশ্যে। মঙ্গলবার রাতে তাঁকে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক প্রযোজক। সঙ্গে ফোনেই প্রযোজক দিয়েছেন জয় শ্রীরাম স্লোগান!
ঠিক কী ঘটেছে সোহমের সঙ্গে?
২০১৮ সালে একটি বাংলা ছবিতে অভিনয় করার কথা ছিল সোহমের। পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। প্রযোজক তরুণ দাস। এই ছবিতে অভিনয় করার জন্য নিয়মমাফিক ১৫ লক্ষ টাকা অগ্রিমও দেওয়া হয়েছিল সোহমকে। তবে সোহমের দাবি কয়েকমাস পরে হঠাৎই পরিচালক মহুয়া তাঁকে জানান, প্রযোজকের ব্যবহারে তিনি স্বচ্ছন্দ্যবোধ করছেন না। আর তাই ছবি থেকে সরে যাচ্ছেন। ঠিক তারপরই প্রযোজকের তরফ থেকে বার বার ফোন করা হয় সোহমকে। অগ্রিম ১৫ লক্ষ টাকা ফেরত দেওয়ার জন্য। কিন্তু সোহম প্রযোজককে স্পষ্ট জানিয়েছে, ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী, অগ্রিম টাকা কখনই ফেরতযোগ্য নয়। কেননা, প্রযোজকই ছবিটি তৈরি করছেন না। অন্যদিকে, প্রযোজকের তরফ থেকে অভিযোগ ছিল, সোহমের কাছে বারং বার ডেট চেয়েও, না পাওয়ার কারণেই নাকি ছবিটা তৈরি হতে পারেনি। প্রযোজকের এই অভিযোগ ফুৎকার উড়িয়ে সোহম জানিয়েছেন, সেই সময় তিনি এতটাও ব্যস্ত ছিলেন না যে ডেট দিতে পারতেন না।
তবে সোহম-প্রযোজক তরুণ দাসের এই বাকবিতণ্ডা এখানেই থামে না। সোহমের অভিযোগ, প্রযোজক তাঁর অফিসে আসেন এবং টাকা ফেরত চান। সোহমও স্পষ্ট জানিয়ে দেন, অগ্রিম টাকা কখনই ফেরতযোগ্য নয়। এরপরই মঙ্গলবার রাতে সোহমকে ফোন করে প্রযোজক তরুণ দাস অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সোহমের অভিযোগ, প্রযোজক রাজ্যে রাজনৈতিক পালাবদলের কথা বলে, তাঁকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন। সঙ্গে যোগ করেছেন জয় শ্রীরাম স্লোগান! এই অভিযোগের ভিত্তিতেই আইনি পদক্ষেপ করতে চলেছেন সোহম।