Jose Mourinho at Real Madrid: জল্পনার অবসান, এক যুগ পর মাদ্রিদে মোরিনহো? | Mourinho Back at Real Madrid! Can 'The Special One' Bring Back the Golden Era at Bernabeu? - 24 Ghanta Bangla News
Home

Jose Mourinho at Real Madrid: জল্পনার অবসান, এক যুগ পর মাদ্রিদে মোরিনহো? | Mourinho Back at Real Madrid! Can ‘The Special One’ Bring Back the Golden Era at Bernabeu?

Spread the love

কলকাতা : আগেই শোনা গিয়েছিল কথাটা। তবে এবার সেই শোনা কথাই হয়ত সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদে (Real Madrid) ফিরছেন জোসে মোরিনহো (Jose Mourinho)। আগামী মরসুম থেকেই এই স্প্যানিশ ক্লাবের দায়িত্ব নেবেন ‘দ্য স্পেশাল ওয়ান’। তবে অতীতেও আগে রিয়ালের (RM) কোচিং করিয়েছেন মোরিনহো। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত ‘লস ব্ল্যাঙ্কোস’দের ম্যানেজার ছিলেন তিনি। আপাতত শোনা গিয়েছে, দুই পক্ষের তরফেই আলোচনা হওয়ার পর মৌখিক চুক্তিতে রাজি হয়েছেন মোরিনহো। শোনা গিয়েছে, ২ বছরের জন্য দলের দায়িত্ব নেবেন ‘দ্য স্পেশাল ওয়ান’ (The Special One)।

বিগত বেশ কয়েক মরসুম ধরেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। দুই মরসুম টানা কোনও ট্রফি জেতেনি ক্লাব। ২০২৪-এ শেষবার ইউসিএল পেয়েছে রিয়াল। তারপর থেকেই আর ট্রফি আসেনি ঘরে। অতীতে রিয়ালের কোচ হয়েছেন জাবি আলোন্সো। তবে তাঁর হাতে সাফল্য পায়নি দল। জাবি আলোন্সোকে সরানোর পর আর এক প্রাক্তন ফুটবলার আলভারো আর্বেলোয়াকে কোচ করে রিয়াল। তবুও সফলতা আসেনি। একদিকে যেমন ট্রফি হাতছাড়া হয়েছে, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারতে হয়েছে একের পর এক এল ক্লাসিকোও। এই ব্যর্থতা ঘোচাতেই ১৩ বছর পর মোরিনহোর উপর আবার আস্থা রাখতে চলেছে রিয়াল ম্যানেজমেন্ট।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচিং করিয়েছেন মোরিনহো। তাঁর সময়ে ২০১২ সালে ১০০ পয়েন্ট পেয়ে লা লিগা জিতেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে ৭১% ম্যাচ জিতেছেন এই বর্ষীয়ান কোচ। রিয়ালের হয়ে কোপা ডেল রে (২০১১), লা লিগা (২০১২), সুপার কাপ (২০১২) জিতেছেন মোরিনহো। ১৭৮ ম্যাচে কোচিং করে মাত্র ২২টি ম্যাচ হেরেছিলেন, যা সেই সময়ে রিয়ালকে নিয়ে গিয়েছিল এক অন্য উচ্চতায়। বিশ্বের তাবড় তাবড় ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। তালিকায় যেমন রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, পোর্তো, চেলসির মতো ক্লাব, তেমনই রয়েছে টটেনহ্যাম, রোমা, ইন্টার মিলানের মতো ক্লাবও। এই বছর বেনফিকার কোচ ছিলেন মোরিনহো। তাঁর তত্বাবধানে গোটা লিগে অপরাজিত ছিল বেনফিকা। অতীতে রোনাল্ডো, বেনজিমা, হ্যাজার্ড, ইব্রাহিমোভিচসহ বহু খেলোয়াড়কে কোচিং করিয়েছেন মোরিনহো। এবার তাঁর হাত ধরেই রিয়ালের সুদিন ফিরবে, আশা করছেন রিয়াল সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *