Virat Kohli : ‘যোগ্যতা প্রমাণ করতে হলে থাকব না…’ ২০২৭ বিশ্বকাপের আগে বিস্ফোরক বিরাট কোহলি! | Virat Kohli Expresses Desire to Play 2027 ODI World Cup, But Sets a Major Condition
Virat Kohli Expresses Desire to Play 2027 ODI World Cup, But Sets a Major Condition.Image Credit: Getty Images
কলকাতা : ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) জানিয়েছেন যে, খেলার প্রতি ভালবাসার কারণেই তিনি ওয়ান ডে ক্রিকেট (ODI Cricket) খেলা চালিয়ে যেতে চান এবং ২০২৭ সালের আইসিসি বিশ্বকাপে (ICC World Cup) অংশগ্রহণ করতে চান। তবে তিনি পরিস্কার করে জানিয়ে দিয়েছেন, ভারতীয় দলে টিকে থাকার জন্য তাঁকে বারবার যোগ্যতা প্রমান করতে হয় – এমন কোনও পরিস্থিতিতে কোহলি পড়তে চান না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) একটি পডকাস্টে সঞ্চালিকা মায়ান্তি ল্যাঙ্গারকে (Mayanti Langer) কোহলি জানিয়েছেন তাঁর এই ইচ্ছে নিয়ে। তারকা ব্যাটারের মত, তিনি এখনও খেলার সঙ্গে একাত্ম থাকতে চান ও যতদিন দল মনে করবে যে তিনি দলের পরিবেশ ও পারফরম্যান্সে অবদান রাখতে পারছেন, ততদিন তিনি খেলতে প্রস্তুত। কোহলি বলেন,“আমার দৃষ্টিভঙ্গি খুব পরিস্কার। আমি যে দলের অংশ, সেখানকার পরিবেশে যদি আমি কোনও অবদান রাখতে পারি এবং দল যদি মনে করে যে আমার অবদান প্রয়োজন, তাহলেই আমি খেলতে রাজি। তবে যদি কখনও মনে করানো হয় যে দলে টিকে থাকতে আমাকে যোগ্যতা ও পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে, তবে আমি সেখানে থাকব না। কারণ আমি আমার খেলা ও খেলার মাঠে আমার অবদান – দুইয়ের প্রতিই সৎ।”
কোহলি আরও বলেন,“আমি মাথা নিচু করে পরিশ্রম করি। আমার কেরিয়ারে ঈশ্বর আমাকে যা যা দিয়েছেন, আমি সেই জন্য তাঁর কাছে কৃতজ্ঞ। কেউ যদি চান একটি ওয়ান ডে ম্যাচে আমি ৪০ ওভার এক বাউন্ডারি থেকে অন্য বাউন্ডারি পর্যন্ত দৌড়োই, আমি বিনা বাক্যব্যয়ে সেই আদেশ পালন করব। আমি দলের জন্য সবকিছু করতে রাজি আছি।” নিজেকে নিয়ে খুব কনফিডেন্ট কোহলি। তাঁর কথায়,“ধরুন আপনি কোনও কর্মক্ষেত্রে গিয়েছেন এবং সেখানে এক সপ্তাহ পর যদি সেখানে লোকেরা আপনার কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন করে, তখন আপনিও বিরক্ত হন। হয় আমাকে প্রথম দিনেই বলে দিন আমি যোগ্য নই বা আমার প্রয়োজন নেই। আর যদি বলেন আমি যোগ্য, তবে চুপ থাকুন। বারবার এই বিষয়ে আলোচনা আমার পছন্দ নয়। আমি অবশ্যই ২০২৭ সালের বিশ্বকাপ খেলতে চাই। ভারতের হয়ে বিশ্বকাপ খেলা এক দারুন অনুভূতি।”
আইপিএলে এই মুহূর্তে বেশ ভাল ফর্মে রয়েছেন কোহলি। গত ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে সেঞ্চুরি করেছেন তিনি। ১২ ম্যাচে তাঁর মোট রান ৪৮৪। একটি সেঞ্চুরির পাশাপাশি তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন কোহলি। তবে তাঁর এই পডকাস্টে বলা কথায় ইতিমধ্যেই ২০২৭ সালে আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ভক্তরা।