সকালে বৃদ্ধি সত্ত্বেও শেষবেলায় পতন, টাকায় ধস নামতেই সেনসেক্স কমলো ১৬১ পয়েন্ট
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পজ়িটিভ স্টার্টের পরে বৃদ্ধি হচ্ছিল দেশের শেয়ার বাজারের দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। কিন্তু এই বৃদ্ধি বাজার বন্ধ হওয়া অবধি স্থায়ী হলো না। বাজার বন্ধ হওয়ার আগে পয়েন্ট কমতে শুরু করে সেনসেক্স ও নিফটি৫০-র। বাজার বন্ধের সময় দুই ইনডেক্স কমেছে ০.২০ শতাংশের আশপাশে। বৃহস্পতিবার শেয়ার বাজারের উল্লেখযোগ্য বৃদ্ধি আশা বাড়িয়েছিল লগ্নিকারীদের। কিন্তু সেই আশা ধাক্কা খেল শুক্রবার।
শুক্রবারের ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ১৬১ পয়েন্ট বা ০.২১ শতাংশ। এই পতনের জেরে এ সপ্তাহের শেষে সেনসেক্স থাকল ৭৫,২৩৮ পয়েন্টে। অন্য দিকে নিফটি৫০ কমেছে ৪৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ। সপ্তাহের শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এই বেঞ্চমার্ক ইনডেক্স রয়েছে ২৩,৬৪৩ পয়েন্টে।
সেনসেক্স ও নিফটি৫০-র পাশাপাশি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিরও পতন হয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। বিএসই ১৫০ মিড ক্যাপ ইনডেক্স কমেছে ০.৪৮ শতাংশ এবং বিএসই ২৫০ স্মল ক্যাপ ইনডেক্সের পতন হয়েছে ০.৩৭ শতাংশ।
সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেও মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। নিফটি-তে মিডিয়া, আইটি, এফএমসিজি, ফার্মা, ট্যুরিজ়ম, অটো-র মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে। মেটাল, ডিফেন্স, ব্যাঙ্ক, অয়েল অ্যান্ড গ্যাস, রিয়েলটি, এনার্জি, ফিনানশিয়াল সার্ভিসের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে এ দিনের ট্রেডিংয়ে।
কেন বাজারে পতন?
সকাল থেকে বাজার পজ়িটিভ থাকলেও শেষবেলায় এসে চাপ বেড়েছে বাজারের। ভালো শুরুর পরেও এই পতনের জন্য বেশ কয়েকটি কারণের কথা উঠে এসেছে বাজার বিশেষজ্ঞদের বিশ্লেষণে।
এদিন মার্কিন ডলারের সাপেক্ষে টাকার বিনিময়দর ৯৬-এর গণ্ডি পার করেছে। যা ইতিহাসে প্রথমবার ঘটল। এর আগে কখনও ডলারের সাপেক্ষে এতটা তলানিতে ঠেকেনি। টাকার পতন বাজারের হতাশা বাড়িয়েছে বলে মত বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১০৯ ডলার ছাড়িয়েছে। যা শেষ দিনের তুলনায় প্রায় ৩ শতাংশ বেড়েছে। বিদেশি বিনিয়োগ সরে যাওয়া এ দিনও অব্যাহত ছিল। সেই সঙ্গে জাপান, কোরিয়া, হংকং, চিনের মতো এশিয়ার অধিকাংশ বড় দেশের বাজারে বড় অঙ্কের পতন হয়েছে শুক্রবার। এই ঘটনাও সেনসেক্স ও নিফটি৫০-র গ্রাফ ডাউন হওয়ার পিছনে ভূমিকা নিয়েছে বলে মত বিশেষজ্ঞদের।
(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)