Sai Pallavi Hindi Accent: ‘এক দিন’ ফ্লপ! সাই পল্লবীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন ‘রামায়ণ’ নির্মাতারা | Ramayana Makers to Dub Sai Pallavi’s Voice After ‘Ek Din’ Box Office Failure and Criticism.
বড় সিদ্ধান্ত নিলেন ‘রামায়ণ’ নির্মাতারাImage Credit: tv9 network
সাই পল্লবী (Sai Pallavi) অভিনীত প্রথম হিন্দি ছবি ‘এক দিন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু সিনেমা ফ্লপ হওয়ার চেয়েও বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রীর হিন্দি উচ্চারণ। এই ছবি মুক্তির পরই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে- দক্ষিণ ভারতীয় টান কি তবে সীতার চরিত্রেও বাধা হয়ে দাঁড়াবে? গুঞ্জন শোনা যাচ্ছে, নীতীশ তিওয়ারির উচ্চাভিলাষী প্রজেক্ট ‘রামায়ণ’-এ সাই পল্লবীকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
শোনা যাচ্ছে, সাই পল্লবীর হিন্দি উচ্চারণ নিয়ে একদমই ঝুঁকি নিতে চাইছেন না ছবির প্রযোজক ও পরিচালক। বিশেষ করে ‘এক দিন’ ছবিতে জুনায়েদ খানের বিপরীতে তাঁর সংলাপ বলার ধরন দর্শকদের একাংশের পছন্দ হয়নি। রণবীর কাপুরের বিপরীতে তাঁকে যখন ‘সীতা’ হিসেবে দেখা যাবে, তখন সেই চরিত্রের গাম্ভীর্য ও শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একটি জনপ্রিয় সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নির্মাতারা এখন সাইয়ের গলার বদলে একজন পেশাদার ডাবিং আর্টিস্টের কথা ভাবছেন, যাতে হিন্দি ভাষা আরও মার্জিত ও স্পষ্ট শোনায়।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া ‘এক দিন’ সিনেমার ক্লিপ দেখে একাধিক নেটজনতার দাবি, সাই পল্লবী সাধারণ হিন্দি শব্দগুলোই ঠিকমতো বলতে পারছেন না। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে একজন লিখেছেন, “যিনি নূন্যতম হিন্দি বলতে পারেন না, তিনি কীভাবে সীতামায়ের চরিত্র করবেন?” আবার কেউ কেউ কটাক্ষ করে বলছেন, ‘রামায়ণ’-এর মহড়ার জন্যই কি সাই এই ফ্লপ সিনেমাটি করেছিলেন? এই প্রবল নেতিবাচক প্রতিক্রিয়াই নির্মাতাদের নতুন করে ভাবতে বাধ্য করেছে।
উল্লেখ্য, শুরুতে সীতার চরিত্রের জন্য আলিয়া ভাটকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু তারিখ নিয়ে সমস্যার কারণে আলিয়া এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এরপরই সাই পল্লবীকে এই ঐতিহাসিক চরিত্রের জন্য বেছে নেওয়া হয়। রণবীর কাপুরকে এখানে রাম এবং দক্ষিণি মহাতারকা যশকে রাবণ হিসেবে দেখা যাবে। তবে বর্তমান পরিস্থিতিতে সাই পল্লবীর নিজের গলায় সংলাপ বলার সম্ভাবনা ফিকে হয়ে আসছে।
তবে বিতর্ক থাকলেও ছবি মুক্তি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবির প্রথম ভাগ মুক্তি পাওয়ার কথা রয়েছে দিওয়ালিতে। তবে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে পরের বছর দিওয়ালি পর্যন্ত। বক্স অফিসে কতটা ঝড় তুলতে পারবে এই ছবি সেই উত্তর সময় বলবে।