Abhishek Banerjee on Election Verdict: ‘এই রায় মানুষের রায় নয়’, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক | Abhishek Banerjee Says ‘This Verdict Is Not People’s Verdict’, Alleges Massive Loot in Counting Centres
অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
কলকাতা: ফের মুখ খুলতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফের শোনা গেল ১০০ আসনে লুঠের কথা। অভিষেকের সাফ কথা, এই রায় মানুষের রায় নয়। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন অভিষেক। সেখানেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, “ওরা লুঠপাট করে ক্ষমতায় এসেছে। ওরা জানে। তাই ওরা আপনাদের শক্তিকে ভয় পায়। আর সেই ভয় থেকেই ভাঙচুর, পার্টি অফিস দখল খুন করছে।”
এখানেই শেষ নয়, এদিন অভিষেক টেনে আনেন সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গও। বলেন, “জয়ী হওয়ার পর হিংসাত্মক হয়ে ওঠা চারিত্রিক দুর্বলতার প্রতীক। সিঙ্গুর আন্দোলনের সময় চারিদিকে বারুদের গন্ধ ছিল। আমরা হার মানিনি। আজকেও পরিস্থিতি অন্য কিছু নয়। এ হল এক অগ্নিপরীক্ষা।”
এরপরই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে ফের একবার সুর চড়ান অভিষেক। প্রশ্ন তোলেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ১০০ আসনে গণনা কেন্দ্রে লুঠ করেছে আধা সামরিক বাহিনীকে ব্যবহার করে। এই রায় মানুষের রায় নয়। মানুষ যা রায় দেবে মাথা পেতে নেব। কিন্তু প্রায় ১০০ আসনে গণনা কেন্দ্রে লুঠ করা হয়েছে।” অন্যদিকে এদিনই আবার কলকাতা হাইকোর্টে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী পরিস্থিতি, বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে ইতিমধ্যেই কোর্টে দায়ের হয়েছে মামলা। সেই প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের বেঞ্চে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও হাইকোর্টে মমতাকে দেখেই ওঠে ‘চোর চোর’ স্লোগান। তা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতোরও চলছে।