আইপিএলে খারাপ ফর্ম, তবু ICC র্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরাহ
চলতি আইপিএলে উইকেট কম পেলেও টেস্ট র্যাঙ্কিংয়ে দাপট ধরে রেখেছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেটারদের অবস্থানেও নজর।
Kolkata, May 13: বর্তমানে খারাপ সময় যাচ্ছে জসপ্রীত বুমরাহ-এর। আইপিএলের চলতি মরসুমে এখনো পর্যন্ত ১১ ম্যাচে মাত্র ৩টি উইকেট নিয়েছেন তিনি। এই খারাপ আবহেও আইসিসি র্যাঙ্কিংয়ে এখনো শীর্ষে ভারতের এই তারকা পেসার।
আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৯। এছাড়া ভারতীয় তারকাদের মধ্যে দ্বিতীয় সেরা র্যাঙ্কিংয়ে রয়েছেন মহম্মদ সিরাজ। তিনি রয়েছেন ১২ নম্বরে। আর রবীন্দ্র জাদেজা ১৪, কুলদীপ যাদব ১৫ নম্বরে অবস্থান করছেন।
অন্যদিকে, ব্যাটারদের প্রথম দশজনের তালিকায় ভারতের দুইজন তারকা খেলোয়াড়। যশস্বী জয়সওয়াল ৭৫০ পয়েন্ট নিয়ে অষ্টম এবং শুভমান গিল ৭৩০ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে অবস্থান করছেন। দীর্ঘদিন টেস্ট খেলেননি ভারতীয় খেলোয়াড়রা। তা সত্ত্বেও আন্তর্জাতিক মহলে নিজেদের মান ধরে রেখেছেন ভারতের ক্রিকেটাররা।