Alia Bhatt Cannes 2026: ঐশ্বর্যকে কাঁচি করে কানে আলিয়া? ছবি সামনে আসতেই বিতর্ক শুরু | Alia Snips Aishwarya Out of Cannes? Controversy Erupts After Photos Surface - 24 Ghanta Bangla News
Home

Alia Bhatt Cannes 2026: ঐশ্বর্যকে কাঁচি করে কানে আলিয়া? ছবি সামনে আসতেই বিতর্ক শুরু | Alia Snips Aishwarya Out of Cannes? Controversy Erupts After Photos Surface

Spread the love

২০০৪ সাল থেকে গত বিশ বছর ধরে কান ফিল্ম ফেস্টিভ্যাল এবং ঐশ্বর্য রাই বচ্চন যেন ছিল একে অপরের পরিপূরক। আন্তর্জাতিক নামী প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে ফি বছর ফ্রেঞ্চ রিভেরা কাঁপিয়েছেন বচ্চনবধূ। কখনও তাঁর সাজ নিয়ে প্রশংসা হয়েছে, কখনও বা তীব্র সমালোচনা— কিন্তু ‘রাই সুন্দরী’কে ছাড়া কান-এর রেড কার্পেট ভাবা ছিল দায়।

কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। ২০২৫ সালে ওই প্রসাধনী ব্র্যান্ডের বিশ্বজোড়া মুখ হিসেবে চুক্তিবদ্ধ হন আলিয়া ভাট। আর সেই সূত্রেই ২০২৬-এর কান উৎসবে আলিয়ার রাজকীয় এন্ট্রি। কিন্তু ফরাসি শহর কান-এর ‘হোটেল মার্টিনেজ’-এর দেওয়ালে যখন ইভা লঙ্গোরিয়া বা হেলেন মিরেনদের পাশে আলিয়ার পোস্টার দেখা গেল, তখন সেখানে ব্রাত্য রইলেন ঐশ্বর্য। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছেন অনুরাগীরা।

২০২৩ সালের মেট গালা-তে আলিয়াকে দেখে পশ্চিমী সংবাদমাধ্যম ‘ঐশ্বর্য’ বলে ভুল করেছিল। সেই সময় বিষয়টি মজার ছলে নিলেও, এবার কিন্তু পরিস্থিতি বেশ গম্ভীর। আলিয়ার কান যাত্রা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। বচ্চনবধূর ভক্তদের প্রশ্ন, “ঐশ্বর্যর মতো বিশ্বখ্যাত আইকনকে সরিয়ে আলিয়াকে কেন জায়গা দেওয়া হলো?” এমনকি আলিয়ার পোস্টের তলায় মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে— কেউ লিখছেন, “ঐশ্বর্যর জায়গা নেওয়া কি এতই সহজ?” আবার কেউ প্রশ্ন তুলেছেন আলিয়ার ‘ঈর্ষা’ নিয়ে।

কানের মঞ্চে আলিয়া ভাটের এটি দ্বিতীয় ইনিংস হলেও, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এটিই তাঁর প্রথম পদার্পণ। যেখানে ঐশ্বর্য এবং আরাধ্যাকে দেখার অভ্যেস ছিল দর্শকদের, সেখানে এবার আলিয়ার উজ্জ্বল উপস্থিতি। তবে কেরিয়ারের এই বিশাল সাফল্যের মাঝেও ঐশ্বর্য-ভক্তদের রোষানল আলিয়ার উৎসবের আমেজকে কিছুটা হলেও ফিকে করে দিয়েছে। দুই প্রজন্মের এই লড়াইয়ে কানের গালিচা এবার সিনেমার চেয়েও বেশি জমজমাট হয়ে উঠেছে অফ-স্ক্রিন বিতর্কে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *