প্রাক্তনের মুখোমুখি বর্তমান! শপথের পরদিনই স্ট্যালিনের মুখোমুখি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তনের মুখোমুখি বর্তমান! শপথের পরদিনই স্ট্যালিনের মুখোমুখি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী

Spread the love

শপথ নেওয়ার পরে ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বাড়িতে হাজির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ফলাফল প্রকাশের পরে দীর্ঘ টানাপোড়েন ও চূড়ান্ত নাটকীয়তা শেষে রবিবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন থালাপতি। নবতম সরকারের কাজ শুরুর আগেই সোমবার স্ট্যালিনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। স্ট্যালিন-বিজয় সাক্ষাতে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ নিয়ে শোরগোল।

মাসখানেক আগে নির্বাচনের প্রচার ময়দানে ছিলেন যুযুধান প্রতিদ্বন্দ্বী। একে অন্যকে সূচাগ্র মেদিনীও ছাড়েননি। কিন্তু ফলাফল বেরোনোর পরে পরিস্থিতি ছিল সম্পূর্ণ অন্য। সেই পরিবর্তিত পরিস্থিতিতেই এ দিন সৌজন্যতার খাতিরে বিজয় যান স্ট্যালিনের বাড়ি বলে সূত্রের খবর।

সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বার বার যখন বাধার মুখে পড়ছিলেন TVK সুপ্রিমো থালাপতি বিজয়, তখন তাঁর পক্ষে মুখ খুলেছিলেন DMK সুপ্রিমো স্ট্যালিন। সরকার গঠনের আগে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে TVK-কে তীব্র আক্রমণ করেছিল DMK। স্ট্যালিন শিবিরের অভিযোগ ছিল, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত না করেই গভর্নরের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন বিজয়। যদিও পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী জোটসঙ্গীদের জোট ভেঙে বিজয়কে সমর্থন করাতেও বাধা দেননি তিনি। বরং বলেছিলেন, ‘সর্বোচ্চ ভোট পেয়েও বিজয়কে সরকার গড়তে না দেওয়া জনাদেশের অপমান। আমরা বিরোধী আসনেই বসব। এই দায়িত্বও জনতারই দেওয়া। গণতন্ত্রে বিরোধীর ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ।’ DMK পূর্বতন জোটসঙ্গী কংগ্রেস, বাম ও VCK-এর সমর্থনে তামিলভূমে গঠিত হয়েছে নয়া সরকার।

সোমবার ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন এবং স্ট্যালিনের পুত্র উদয়ানিধি স্ট্যালিনের সঙ্গে দেখা করেন থালাপতি বিজয়। তাঁর চেন্নাইয়ের বাসভবনে বিজয়কে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। ছবিতে একে অপরকে উষ্ণ ভাবে আলিঙ্গন করতে দেখা গিয়েছে দুই রাজনীতিবিদকে। বৈঠক চলাকালীন বিজয় ও স্ট্যালিন পারস্পরিক শ্রদ্ধার নিদর্শনস্বরূপ রেশমি শাল ও ফুলের তোড়াও বিনিময় করেন। পরে DMK প্রধান x হ্যান্ডলে জানান যে, রাজনৈতিক সৌজন্য বজায় রেখে দেখা করতে এসেছিলেন বিজয়। তিনি বৈঠকে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শও দিয়েছেন।

রাজনৈতিক মহলের খবর, নতুন সরকার গঠন এবং আসন্ন বিধানসভা অধিবেশনকে সামনে রেখেই সৌজন্য সাক্ষাৎ করতে যান থালাপতি বিজয়। যদিও বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি প্রকাশ করা হয়নি, তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তাই দিতে চেয়েছেন নতুন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী পদে বসার ঠিক পরেই বিজয় কিন্তু DMK-কে বিঁধতে ছাড়েননি। শাসক-বিরোধী সম্পর্ক ঝালিয়ে রাজ্যের ১০ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে স্ট্যালিন সরকারকে কড়া আক্রমণ করেছিলেন তিনি। এমনকি ‘একাধিক ক্ষমতার উৎস’ নিয়ে কটাক্ষ করে বিজয় জানিয়েছিলেন, তাঁর সরকারে পাওয়ার সেন্টার থাকবেন তিনি একাই। স্ট্যালিনও বিজয়ের কটাক্ষের পাল্টা জবাব দিয়েছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *