চেন্নাইয়ের বিরুদ্ধে আজ বাঁচা-মরার লড়াই লখনউ সুপার জায়ান্টসের
IPL 2026 প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজ চেন্নাইয়ের বিরুদ্ধে জিততেই হবে লখনউকে। স্পিন সহায়ক চিপকে টসও হতে চলেছে বড় ফ্যাক্টর।
Kolkata, May 10: কঠিন সময়ে ফর্মে ফিরেছে চেন্নাই সুপার কিংস। অন্যদিকে খাদের কিনারে লখনউ সুপার জায়ান্টস। আজ এই দুই দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে। চলতি মরসুমের এটি ৫৩তম ম্যাচ। চেন্নাইয়ের ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ৩:৩০ মিনিটে।
এই মুহূর্তে ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে পাঁচবারের চ্যাম্পিয়ন সিএসকে। চেন্নাই তাদের শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়লাভ করে পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনা বাড়িয়েছে। আর এর মূল কান্ডারী সঞ্জু স্যামসনের ব্যাটিং ঝড়।
উল্টোদিকে ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার শেষে ধুঁকছে লখনউ। বেঙ্গালুরুর বিপক্ষে শেষ ম্যাচে মিচেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরির সৌজন্যে দল একটু হাড্ডাহাড্ডি জয় পেয়েছে। কিন্তু এর আগে তারা টানা ছয়টি ম্যাচে হেরেছে এবং পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। তাই এলএসজি-র টিকে থাকার সম্ভাবনা এই ম্যাচের ওপরই নির্ভর করছে।
আইপিএল পরিসংখ্যান বলছে, এই দুটি দল আইপিএলে মোট ছয়টি ম্যাচ খেলেছে। এর মধ্যে চেন্নাই সুপার কিংস দুটি ম্যাচ জিতেছে, অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস জিতেছে তিনটি। এছাড়া একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রবিবার চেন্নাইয়ের কিছু অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ ২০ শতাংশ। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং আর্দ্রতা থাকবে ৭০ শতাংশ।
এম এ চিদামারাম স্টেডিয়ামের উইকেটটি লাল মাটির। বিকেলে এই উইকেটটি শুষ্ক থাকবে বলে আশা করা হচ্ছে, ফলে স্পিনারদের একটি বড় ভূমিকা থাকবে।
এছাড়া এখানকার উইকেটটি আঠালো হতে পারে, যার ফলে বল আরও বেশি গ্রিপ করবে। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা আদর্শ হতে পারে। তাই, টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ:
সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), উরভিল প্যাটেল, কার্তিক শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, জেমি ওভারটন, আকেল হোসেইন, নুর আহমেদ, আনশুল কম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং।
ইমপ্যাক্ট প্লেয়ার: শিবম দুবে।
লখনউ সুপার জায়ান্টস সম্ভাব্য একাদশ:
মিচেল মার্শ, জশ ইঙ্গলিস, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটরক্ষক), অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগবেশ সিং রাঠি, মহম্মদ শামি, প্রিন্স যাদব।
ইমপ্যাক্ট প্লেয়ার: মহসিন খান।