El Classico, Barcelona vs Real Madrid : লক্ষ্য ১০০ পয়েন্ট, ‘বিধ্বস্ত’ মাদ্রিদকে হারিয়ে আজই লা লিগা নিশ্চিত করতে চায় বার্সেলোনা! – Bengali News | Hansi Flick Chasing History at Spotify Camp Nou Amid Real Madrid’s Internal Chaos
Barcelona vs Real Madrid El Clasico 2026 at Spotify Camp Nou.Image Credit: Getty Images
কলকাতা : নানাবিধ কারণে চর্চায় রয়েছে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগের (Uefa Champions League) বিদায় হোক বা ড্রেসিংরুমে হাতাহাতি – রিয়াল মাদ্রিদের ভিতরের অবস্থা বেশ উত্তপ্ত। এর মধ্যেই রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে (Barcelona) হারিয়ে লা লিগাতে (La Liga) নিজেদের অবস্থা আরও পোক্ত করতে ব্যস্ত লস ব্ল্যাঙ্কোসরা। আজ ভারতীয় সময় রাত সাড়ে ১২টা নাগাদ এল ক্লাসিকোতে (El Classico) মুখোমুখি হচ্ছে এই দুই দল।
এই মুহূর্তে ১১ পয়েন্টে এগিয়ে থাকা হ্যান্সি ফ্লিকের (Hanci Flick) দলের জন্য আজ ড্র করলেই যথেষ্ট। তবে ঘরের মাঠে জিততে পারলে একদিকে যেমন উৎসবে মাতবেন সমর্থকরা, তেমনই ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখানোর সুযোগ পাবে এই কাতালান ক্লাবটি। বার্সেলোনা যদি তাদের বাকি ৪ ম্যাচের ৪টিই জেতে, তাহলে তারা লিগে ১০০ পয়েন্ট পাওয়ার রেকর্ড স্পর্শ করবে। এর আগে ২০১২ সালে হোসে মোরিনহোর রিয়াল মাদ্রিদ ও ২০১৩ সালে টিটো ভিলানোভার বার্সেলোনা এই রেকর্ডের অধিকারী হয়েছিল।
তবে, এই মুহূর্তে রিয়ালের অবস্থা খুব সঙ্গীন। মাঝপথে কোচ জাবি আলোন্সোকে (Xabi Alonso) বরখাস্ত করার পর আলভারো আর্বেলোয়া (Alvaro Arbeloa) দলের পতন রোধ করতে ব্যর্থ। বায়ার্ন মিউনিখের (FC Bayern Munchen) কাছে হেরে ইতিমধ্যেই রিয়াল ছিটকে গিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। আলবাসেতের কাছে হেরে হাতছাড়া হয়েছে কোপা দেল রে-ও। আজকের ম্যাচ যদি রিয়াল জিতে যায়, তাহলেও লিগ টেবিলে বিশেষ কিছু পরিবর্তন হবে না। স্রেফ বার্সেলোনার শিরোপা জয় কিছুদিন পিছিয়ে যাবে। যদি রিয়াল মাদ্রিদ তাদের বাকি সব ম্যাচ জেতে, ও বার্সেলোনা তাদের বাকি সব ম্যাচ হারে, তাহলেই একমাত্র শিরোপা পাবে রিয়াল। কারণ সব ম্যাচ হারলে বার্সেলোনা ৮৮ পয়েন্টেই থাকবে এবং বাকি সব ম্যাচ জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৮৯। যা এই মুহূর্তে কার্যত অসম্ভব বলে মনে করা হচ্ছে।
মাঠের বাইরেও রিয়াল মাদ্রিদ সঙ্কটে ডুবে রয়েছে। তাদের দুই তারকা প্লেয়ার চুয়ামেনি ও ভালভার্দে নিজেদের মধ্যে ঝামেলা করেছেন, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে রিয়াল দলের মত। এর মধ্যেই শোনা গিয়েছে, রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে আজ নাকি বার্সেলোনাকে হারানোর প্রতিশ্রুতি দিয়েছেন মাদ্রিদের খেলোয়াড়রা। যদি এই প্রতিশ্রুতি না রাখতে পারেন ভিনি-এমবাপেরা, তাহলে মাদ্রিদের সঙ্কট যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। প্রায় তিন বছর পর আংশিকভাবে নতুন করে তৈরী হওয়া ‘স্পটিফাই ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামে প্রথম এল ক্লাসিকো হতে চলেছে এটি। অতীতে একবারই এল ক্লাসিকোর ফলের ওপর ভিত্তি করে সরাসরি চ্যাম্পিয়ন নির্ধারিত হয়েছিল। আজ কি তেমন কিছু ঘটবে ? উত্তর পাওয়া যাবে রাত সাড়ে ১২টা নাগাদ।