ভোট দিতে ফেরেন রাজ্যে, অন্ধ্রে যাওয়ার পথে রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের
ভিনরাজ্যে কাজ করতে যাওয়ার পথে রহস্যজনক ভাবে মৃত্যু দক্ষিণ দিনাজপুরের এক শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম অজয় রায়(৩০)। অন্ধ্রপ্রদেশের একটি এলাকা থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই শ্রমিকের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দওঘাটে। ভোটের জন্য গত ২৩ এপ্রিল চেন্নাই থেকে বাড়ি এসেছিলেন অজয়। ভোট শেষ হতে গত শনিবার তিনি ফের চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল। চেন্নাই যাওয়ার পথেই সোমবার রাতে অন্ধপ্রদেশের ওঙ্গোল এলাকায় তাঁর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়। সেখানকার রেল পুলিশ দেহটি উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে রেল পুলিশের মাধ্যমে বিষয়টি জানতে পারেন পরিবার পরিজন। রেল পুলিশের তরফ থেকে মৃতের আধার কার্ড ও মৃতদেহের ছবি পাঠানো হয় পরিবারকে। এর পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। দেহ নিয়ে আসার জন্য বুধবার বিকেলে মৃতের পরিবার বালুরঘাট থানার দ্বারস্থ হন। পাশাপাশি পরিবারের দু’জন দেহটি নিতে অন্ধপ্রদেশের ওঙ্গোল থানার উদ্দেশে রওনা দেন।
এ দিকে পরিবারের অভিযোগ, যেই ভাবে দেহটি পাওয়া গিয়েছে সেখান থেকে পরিষ্কার তাঁকে খুন করা হয়েছে। সোমবার দুপুরেও অজয় তাঁর বাবার সঙ্গে ফোনে কথা বলে জানিয়েছিলেন, তিনি তাঁর গন্তব্যস্থল চেন্নাই-এ পৌঁছে গিয়েছেন। সেই ছেলের রাতে কী করে মৃত্যু হয়? প্রশ্ন পরিবারের। বালুরঘাট থানার পুলিশ অন্ধপ্রদেশের ওই থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। এ দিকে ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।