সিদ্ধার্থদের উত্থানে নতুনত্বের পদ্ম-বার্তা - 24 Ghanta Bangla News
Home

সিদ্ধার্থদের উত্থানে নতুনত্বের পদ্ম-বার্তা

Spread the love

এই সময়: রাজ্য জুড়ে গেরুয়া-ঝড়। অনেক হেভিওয়েট নেতা-মন্ত্রীদের পতনের দিনে এ বারের বিধানসভা নির্বাচনে আত্মপ্রকাশ ঘটল অনেক নতুন মুখেরও।

কালনা মহকুমার চার কেন্দ্রের জয়ী প্রার্থীদের মধ্যে একমাত্র মন্তেশ্বর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৈকত পাঁজা তৃণমূলের হয়ে আগে বিধায়ক হয়েছিলেন। ২০১৬-তে এই কেন্দ্রে তাঁর বাবা সজল পাঁজা জিতেছিলেন। তাঁর অকালমৃত্যুর পরে উপনির্বাচনে জেতেন সৈকত। ২০২১-এর নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। এ বার হারালেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। সৈকতের কথায়, ‘উনি বিগত পাঁচ বছরে যা করেছেন, তাতে তাঁকে হারানো চ্যালেঞ্জের ছিল না।’

বরাহনগরের বাসিন্দা সিদ্ধার্থ মজুমদারকে কালনা কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। তিনি হারালেন তৃণমূলের দেবপ্রসাদ বাগকে। সিদ্ধার্থ মনে করেন, ‘এই জয় কালনাবাসীর। দু’বছরের মধ্যে ব্রিজ সম্পূর্ণ করতে হবে।’ পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথকে হারান বিজেপির প্রাণকৃষ্ণ তপাদার। তাঁর মন্তব্য, ‘ওঁকে আমরা হারাইনি, মানুষই হারিয়ে দিয়েছেন।’ পূর্বস্থলী উত্তর কেন্দ্রে জয়ী বিজেপির গোপাল চট্টোপাধ্যায় বললেন, ‘এত ভোটে জিতব, ভাবিনি।’

পূর্ব বর্ধমানের ভাতার কেন্দ্র থেকে জিতেছেন বিজেপির সৌমেন কার্ফা। তিনি বলেন, ‘লড়াই কঠিন ছিল। অনেকে আমাকে গুরুত্ব দেননি, তবে বলেছিলাম এক ভোট হলেও জিতব।’ গলসি কেন্দ্রে জিতলেন পদ্ম-প্রার্থী রাজু পাত্র। বলেছেন, ‘মনোনয়ন জমা দিতে বুলডোজারে চেপে এসেছিলাম। প্রশাসনের সঙ্গে উন্নয়নের বুলডোজারও চলবে।’

কাটোয়া মহকুমার তিন কেন্দ্র, কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোটে জিতেছে বিজেপি। কাটোয়া ও কেতুগ্রামে দুই বিজেপি প্রার্থী নতুন মুখ। কাটোয়ার কৃষ্ণ ঘোষ হারান তৃণমূলের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। বললেন, ‘এই জয় মানুষের।’ আসানসোল উত্তরে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় হারিয়েছেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটককে। তিনি বলছেন, ‘মানুষের সমস্যার কথা শুনেই ছুটে এসেছি। তাঁরাই আমার প্রতি আস্থা রেখেছেন।’ জামুড়িয়ার চিকিৎসক বিজন মুখোপাধ্যায় হারান হরেরাম সিংকে। তিনি বলছেন, ‘উনি শেষ পাঁচ বছরে কিছুই করেননি।’ রানিগঞ্জে বিজেপির পার্থ ঘোষ জানান, খনি এলাকার মানুষ তাঁকে সমর্থন করেছেন। বারাবনির নতুন নায়ক, বিজেপির অরিজিৎ রায় বলেন, ‘গত ১৫ বছরে যে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল, এটা তার জবাব।’ বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রের বিজেপির নতুন প্রার্থী বিল্লেশ্বর সিংহ জয়ের পরে বলেন, ‘জনতা জনার্দন আমাকে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *