‘আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি’, টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে বিনেশকে আশ্বাস WFI প্রধানের - 24 Ghanta Bangla News
Home

‘আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছি’, টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে বিনেশকে আশ্বাস WFI প্রধানের

Spread the love

তাঁকে কামব্যাকে বাধা দিচ্ছে ভারতের কুস্তি ফেডারেশন। সম্প্রতি এই অভিযোগ করেন কুস্তিগির বিনেশ ফোগত। ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তিনি আবেদন করতে গেলেও অনলাইনে পোর্টাল বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন। আগামী ১০-১২ মে উত্তরপ্রদেশের গোন্ডায় অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতায় নিজের নিরাপত্তা এবং কর্মকর্তাদের পক্ষপাতের আশঙ্কা প্রকাশ করে সরব হয়েছেন বিনেশ। এর জবাবে ফেডারেশন প্রধান সঞ্জয় সিং ভিনেশের দাবিকে উড়িয়ে দিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এবং নিজে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন।

বিনেশের আশঙ্কার প্রেক্ষিতে সঞ্জয় সিং জানিয়েছেন, প্রতিযোগিতার সময় বিনেশের নিরাপত্তার জন্য তিনি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছেন। পক্ষপাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘টুর্নামেন্টটি ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) অনুমোদিত রেফারিদের দ্বারা পরিচালিত হবে এবং প্রতিটি বাউটের ভিডিয়ো রেকর্ডিং রাখা হবে, ফলে ভুল বিচারের কোনও সুযোগ নেই।’ তবে ফেডারেশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, প্রতিযোগিতার স্থান কোনওভাবেই পরিবর্তন করা হবে না।

প্যারিস অলিম্পিকে সোনা জয়ের লড়াইয়ের দিন সকালে ওজনের জন্য বাদ পড়ার পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন বিনেশ। এই টুর্নামেন্টের মাধ্যমেই তাঁর ম্যাটে ফেরার কথা ছিল। তবে বিনেশের দাবি, গোন্ডা হলো কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং-এর শক্ত ঘাঁটি। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে যে কুস্তিগীররা প্রতিবাদ করেছিলেন, বিনেশ তাঁদের মধ্যে অন্যতম।

হরিয়ানার এই বিধায়ক-কুস্তিগীর বলেন, ব্রিজভূষণের প্রভাব রয়েছে এমন জায়গায় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সেখানে কে রেফারি হবেন বা কোন বাউটে পয়েন্ট কী ভাবে দেওয়া হবে, সবকিছুই তিনি ও তাঁর অনুগামীরা নিয়ন্ত্রণ করতে পারেন।’ তিনি আরও যোগ করেন যে, ব্রিজভূষণের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপস্থিতিতে কুস্তি লড়া তাঁর জন্য প্রচণ্ড মানসিক চাপের। ভিনেশ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘টুর্নামেন্ট চলাকালীন আমার বা আমার দলের সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য ভারত সরকার দায়ী থাকবে।’ স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি সংবাদমাধ্যম ও ক্রীড়া মহলকে সেখানে উপস্থিত থাকার আহ্বান জানান।

সঞ্জয় সিং সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, এটি একটি ‘ওপেন টুর্নামেন্ট’ এবং এখানে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। তিনি বলেন, বিনেশ যদি নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকেন, তবে আমি তাঁকে আশ্বস্ত করছি। তবে অংশ নেওয়া বা না নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর। আমরা ভেন্যু পরিবর্তন করছি না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *