Bangladeshi currency seized: ভোটগণনার আগেই সীমান্তে বড় খবর, বাজেয়াপ্ত ৯ লক্ষ বাংলাদেশি টাকা – Bengali News | BSF, Police Seize Bangladeshi Currency Worth 9 Lakh in Swarupnagar, One Arrested Before Vote Counting
বসিরহাট: ভোট গণনার ঠিক আগের দিন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্তে বড়সড় সাফল্য সীমান্ত রক্ষীবাহিনী (BSF) এবং পুলিশের। প্রায় ৯ লক্ষ বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার করা হয়েছে এক ভারতীয় যুবককে। ধৃতের নাম ইলিয়াস গাজি, বাড়ি স্বরূপনগর থানার তারালি এলাকাতেই।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই ইলিয়াস গাজি একটি মোটরসাইকেলে চড়ে তারালি সীমান্ত এলাকা দিয়ে ঘোরাঘুরি করছিল। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত ১১২ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এরপর তার বাইকটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ জওয়ানদের। বাইকের সিটের তলায় বিশেষভাবে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। দেখা যায়, উদ্ধার হওয়া পুরোটাই বাংলাদেশি মুদ্রা, যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
বিএসএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত ইলিয়াসকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে খবর, কোনও বৈধ নথি ছাড়াই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা করছিল ওই যুবক। ভোট গণনার ঠিক আগের দিন এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এই টাকার উৎস কী এবং সীমান্ত এলাকায় এর মাধ্যমে কোনও নাশকতামূলক পরিকল্পনা বা ভোট সংক্রান্ত লেনদেনের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ধৃত যুবককে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুরো চক্রের হদিশ পেতে এবং এর পেছনে আর কে বা কারা জড়িত তা জানতে পুলিশি তদন্ত জারি রয়েছে।