বুথে বৃদ্ধের মৃত্যুতে পুলিশে নালিশ ছেলের, কমিশনের নয়া ভিডিয়োয় জল্পনা
মৃতের ছেলের অভিযোগের ভিত্তিতে পেঁড়ো থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। পুলিশের এক আধিকারিক বলেন, ‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। নির্বাচন কমিশনের কাছ থেকে সিসিটিভি ফুটেজ চাওয়া হবে।’ এ দিন সামাজিক মাধ্যমে এক ভিডিয়ো বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই পরিবারের পাশে থাকার বার্তা দেন। তিনি বলেন, ‘উদয়নারায়ণপুরে যে ভদ্রলোক ভোট দিতে গিয়ে মারা গেলেন, তাঁর শোকাহত পরিবারকে সমবেদনা জানানোর ভাষা আমার নেই। ওই পরিবারের পাশে আমরা থাকব।’