EC on Repoll: নজরে ১৫ বুথ, কোথায় কোথায় রিপোল? কী বলছে কমিশন? – Bengali News | Election Commission of India sources said re polling may be held in 15 booths
কলকাতা : দ্বিতীয় দফার নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ। বেশ কয়েকটি বুথে রিপোলের (Re-Poll) দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। আগেই কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, বহু বুথে অনিয়মের অভিযোগ এলে, গোটা বিধানসভাতেই রিপোল হবে। সেক্ষেত্রে কোন কোন বুথে রিপোল হবে, তা নিয়ে আজই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। মোট ১৫টি বুথে (Repoll at 15 Booths) রিপোল হতে পারে বলে কমিশন (Election Commission) সূত্রে খবর।
কত বুথে রিপোলের সম্ভাবনা?
ফলতার প্রত্যেক বুথেই যাতে রিপোল হয়, তার জন্য আবেদন করেছিল বিজেপি। রিপোলের ক্ষেত্রে যাতে সমস্ত রিপোর্ট ঠিক থাকে, সেই বিষয়ে গতকালই জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর। রাত পর্যন্ত স্ক্রুটিনি করেন তিনি। সেই রিপোর্ট ইতিমধ্যেই কমিশনকে পাঠিয়েছেন। ১৫টি বুথের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে। আজ সকালেও কিছু বুথের রিপোর্ট পাঠানো হবে। তার উপর নির্ভর করে পুনর্নির্বাচন হবে। তবে, এই প্রত্যেকটি ১৫ বুথেই টেপ বা আতর লাগানো ইভিএম পাওয়া গিয়েছে। সেটি যে অবস্থায় রয়েছে, সেখানে পুনর্নির্বাচন ছাড়া কোনও উপায় নেই।
কোন কোন বুথে রিপোল?
কমিশন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের ৪টি বুথে রিপোলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, পশ্চিম মগরাহাটের ৬টি ও ফলতার ৫টি বুথে পুনর্নির্বাচন হতে পারে। তবে, চার জেলায় পুনর্নির্বাচন হবে না। কমিশনের তরফে জানানো হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা, নদিয়া ও পূর্ব বর্ধমানে পুনর্নির্বাচন হবে না।