Malda election: ‘আমাকে ভোট দিতেই সবাই এসেছেন’, দাবি তৃণমূল প্রার্থীর; ‘জয় শ্রীরাম’ স্লোগান পরিযায়ী শ্রমিকদের – Bengali News | First phase election: Migrant Workers Raise Slogans Against TMC Candidate in Malda
হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান (ডানদিকে)Image Credit: TV9 Bangla
মালদহ: দলে দলে পরিযায়ী শ্রমিকরা ভোট দিতে এসেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। পরিযায়ী শ্রমিকদের ভোট কাদের পক্ষে যাবে, তা নিয়ে কাটাছেঁড়া করছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে এদিন মালদহের হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান দাবি করেন, পরিযায়ী শ্রমিকরা তাঁকে ভোট দিতেই এসেছেন। পরিযায়ী শ্রমিকদের ৯৫ শতাংশ ভোট তিনি পাবেন বলে দাবি করেন। তৃণমূল প্রার্থী যখন এই দাবি করছেন, তখন কিছুটা দূরে দাঁড়িয়েই জয় শ্রীরাম স্লোগান দিলেন পরিযায়ী শ্রমিকরা।
এদিন প্রথম দফায় মালদহের ১২টি আসনেও ভোটগ্রহণ হয়েছে। হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান নিজেও একসময় পরিযায়ী শ্রমিক ছিলেন। এখন বিত্তশালী ব্যবসায়ী। এদিন বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তারই ফাঁকে টিভি৯ বাংলাকে বললেন, তিনি নিজে পরিযায়ী শ্রমিক ছিলেন। তাই, তাঁকে ভোট দিতেই এসেছেন পরিযায়ী শ্রমিকরা।
কী বললেন তৃণমূল প্রার্থী?
ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগ নিয়ে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী প্রথমে বলেন, বাংলা ছাড়া অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু, যখন উত্তর প্রদেশ নিয়ে প্রশ্ন করা হয় প্রথমে কিছু বলতে চাননি তৃণমূল প্রার্থী। উত্তর প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে এখন তাঁর ব্যবসা রয়েছে। প্রথমে তিনি বলেন, “উত্তর প্রদেশে কী হয়েছে জানি না। আমার উপর কিছু হয়নি।” তারপরই বললেন, সব রাজ্যেই হামলা হয়। আবার এমনও বললেন, “আমি নিউজ কম দেখি।”
কী বলছেন পরিযায়ী শ্রমিকরা?
তৃণমূল প্রার্থী যখন এসব কথা বলছেন, কিছুটা দূরে ক্ষোভ উগরে দিলেন ভোট দিতে আসা পরিযায়ী শ্রমিকরা। তাঁরা বললেন, “এখানে কাজ নেই বলে ভিন রাজ্যে যেতে হচ্ছে।” কেউ বললেন, “তৃণমূল ১৫ বছরে কিছু করেনি।” তৃণমূল প্রার্থীর কিছুটা দূরে দাঁড়িয়েই পরিযায়ী শ্রমিকরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন।