Nitish Rana : আম্পায়ারকে ‘গালাগাল’, বড় শাস্তির মুখে নীতিশ রানা! - 24 Ghanta Bangla News
Home

Nitish Rana : আম্পায়ারকে ‘গালাগাল’, বড় শাস্তির মুখে নীতিশ রানা!

Spread the love

Nitish Rana : আম্পায়ারকে ‘গালাগাল’, বড় শাস্তির মুখে নীতিশ রানা!

কলকাতা : প্রত্যেকদিন যেন একের পর এক ঝামেলা হচ্ছে আইপিএলে। গতকাল আইপিএল নিয়ে বিবাদ চরমে উঠল। দিল্লির ব্যাটার নীতিশ রানার সঙ্গে প্রকাশ্যে ঝামেলা শুরু হল আম্পায়ারের। সঙ্গে ছিলেন দিল্লির কোচ হেমাঙ্গ বাদোনিও। ইতিমধ্যেই আম্পায়ারের সঙ্গে তর্ক করে শাস্তির খাঁড়া নেমে এসেছে নীতিশ রানার উপর। শোনা গিয়েছে, দিল্লির ব্যাটার ট্রিস্টান স্টাবসকে গ্লাভস পরিবর্তনের অনুমতি না দেওয়ায় আম্পায়ারের সঙ্গে বিবাদ শুরু করেন নীতিশ।

গতকাল আইপিএলে সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ও চেন্নাই। দিল্লিকে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল চেন্নাই। তবে দিল্লির ইনিংসের ১৯তম ওভারে স্টাবস গ্লাভস বদল করতে চাইলে তাঁকে সেই অনুমতি দেননি আম্পায়ার। এর পরের বলেই স্টাবস আউট হয়ে যান। স্বভাবতই মেজাজ হারাতে দেখা যায় তাঁকে। এরপরই নীতিশ ও করুণ নায়ারকে দেখা যায় আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়াতে। বেশ কিছুক্ষন উত্তপ্ত বাক্যবিনিময় চলে দুই পক্ষের। শোনা গিয়েছে, ম্যাচের দুই আম্পায়ার সাইদর্শন কুমার ও বিনোদ সেশনের বিরুদ্ধে অভিযোগ জানাতে চলেছে দিল্লি দল। তর্কের সময়ে সবথেকে ক্ষিপ্ত ছিলেন নীতিশ রানাকে। তাঁর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, তিনি আম্পায়ারদের অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি এক ডিমেরিট পয়েন্ট কাটার সঙ্গে জরিমানা করেছেন ম্যাচ ফি-র ২৫ শতাংশ। যদিও ম্যাচের পর শুনানিতে নিজের দোষ স্বীকার করেছেন নীতিশ।

আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে,”আইপিএলে খেলোয়াড়দের আচরণের নিয়ম অনুযায়ী, লেভেল ১ লঙ্ঘনের দায়ে দিল্লির ব্যাটার নীতিশ রানাকে শাস্তি দেওয়া হয়েছে। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১ ডিমেরিট পয়েন্ট কাটা হয়েছে। তিনি আচরণবিধির ২.৩ নম্বর ধারা লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমান হয়েছে।” তবে শাস্তি শুধু একা নীতিশ পাননি। তাঁর সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কেও। স্লো ওভার রেটের জন্য তাঁকে জরিমানা করা হয়েছে ১২ লক্ষ টাকা। সব মিলিয়ে, একদিকে ম্যাচ হার ও অন্য দিকে জরিমানায় বিধ্বস্ত দিল্লি শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *