Sujapur Assembly: শিরোনামে কালিয়াচক, ওই সুজাপুরেই আড়াই লাখের মধ্যে ১ লাখের বেশি নাম বাদ! - 24 Ghanta Bangla News
Home

Sujapur Assembly: শিরোনামে কালিয়াচক, ওই সুজাপুরেই আড়াই লাখের মধ্যে ১ লাখের বেশি নাম বাদ!

Spread the love

Sujapur Assembly: শিরোনামে কালিয়াচক, ওই সুজাপুরেই আড়াই লাখের মধ্যে ১ লাখের বেশি নাম বাদ!

কালিয়াচক: একটা পরিবারে ১২ জন ভোটার রয়েছেন। প্রত্যেকেই বিগত নির্বাচনে ভোট দিয়েছেন। এসআইআরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা গেল, ১২ জনের নামই উধাও। এই পরিবার এলাকার সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের, অর্থাৎ পঞ্চায়েত সদস্যের। সুজাপুর বিধানসভার কালিয়াচক ১ নম্বর ব্লকের সিলামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মহল্লাদার পাড়ার ৩ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মেহেবুল মহল্লাদার। বাদ পড়েছে তাঁর নাম। শুধু তাই নয়, বাড়ির প্রত্যেকের নাম এভাবে ডিলিট হয়ে যাবে তা আঁচ করতে পারেননি বাড়ির সদস্যরা। 

মেহেবুলের বাবা আব্দুল কুদ্দুস মহল্লাদার বললেন, “আমার ছেলে পঞ্চায়েত সদস্য। নির্বাচিত। অথচ তাঁর নামই বাদ। শুধু ছেলে নয়, আমাদের পরিবারের প্রত্যেকের নাম ডিলিট হয়ে গিয়েছে। সব নথী শুনানিতে জমা দেওয়ার পরেও এটা কেন হল না, আমাদের মাথায় ঢুকছে না”। একরাশ আক্ষেপের সঙ্গে বারবার তিনি বলছেন, আমাদের পরিবারের কারো নাম রাখা হয়নি। ধরে ধরে ডিলিট করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছি তার পরেও নাম বাদ। এরপরেও আদৌ ভোট দিতে পারব কিনা তা নিয়ে চিন্তা যেমন বেড়েছে তেমন আগামী দিন পরিষেবা পাব কিনা তাও ভাবাচ্ছে। 

তথ্য বলছে, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে সুজাপুর বিধানসভায় মোট ভোটার ছিল ২ লক্ষ ৫২ হাজার। এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে মৃত ভোটার এবং অন্যান্য মিলিয়ে ১ লক্ষ ৩৪ হাজার নাম বাদ হয়ে গিয়েছে। একই কথা বলছেন তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনও। 

গত লোকসভা নির্বাচনের নিরিখে সুজাপুর বিধানসভায় প্রায় ৭৬ হাজার ভোটে তৃণমূল পিছিয়ে রয়েছে কংগ্রেস-সিপিএম জোট প্রার্থীর থেকে। স্বভাবতই এখন এই এই বিপুলসংখ্যক নাম বাদ যাওয়া রীতিমতো চিন্তায় রেখেছে তৃণমূল শিবিরকে। অথচ, গত বিধানসভায় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে এই সুজাপুর বিধানসভা থেকেই তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যদিও এবার সেই নির্বাচিত প্রার্থী আব্দুল গনিকে টিকিট না দিয়ে মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিনকে মোথাবাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সুজাপুরে প্রার্থী করেছে শাসক দল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *