‘রামায়ণ’ ছবির জন্য শুরুতেই সটান ‘না’ বলেন রণবীর! কারণ কী? - 24 Ghanta Bangla News
Home

‘রামায়ণ’ ছবির জন্য শুরুতেই সটান ‘না’ বলেন রণবীর! কারণ কী?

Spread the love

‘রামায়ণ’ ছবির জন্য শুরুতেই সটান ‘না’ বলেন রণবীর! কারণ কী?

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিটি নিয়ে এখন ছবিপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। বড় পর্দায় ‘রাম’ হিসেবে রণবীর কাপুরকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। কিন্তু জানলে অবাক হবেন, এই চরিত্রের প্রস্তাব যখন প্রথমবার রণবীরের কাছে গিয়েছিল, তিনি সটান ‘না’ বলে দিয়েছিলেন! ঠিক কী কারণে পিছিয়ে গিয়েছিলেন বলিউডের ‘অ্যানিম্যাল’, আর শেষ পর্যন্ত কার জন্য এই অসাধ্য সাধন হল— সেই গোপন কথা এবার নিউ ইয়র্কের মঞ্চে খোলসা করলেন খোদ অভিনেতা।

মঙ্গলবার নিউ ইয়র্কে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রণবীর। সেখানেই তিনি জানান, প্রায় চার বছর আগে যখন প্রথমবার তাঁকে রামের চরিত্রের প্রস্তাব দেওয়া হয়, তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। রণবীর বলেন, “আমার মনে হয়েছিল আমি এই চরিত্রের জন্য যথেষ্ট ফিট নই। আমি কি আদতেও এই চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে পারবো? এই ভয় থেকেই প্রথমে না বলে দিয়েছিলাম।”

তবে রণবীরের দ্বিধা কাটে কেন জানেন? ঠিক যখন রামায়ণের প্রস্তাব তাঁর কাছে আসে, তখনই বাবা হওয়ার সুখবর পান রণবীর। ২০২২ সালের এপ্রিলে আলিয়া ভাটের সঙ্গে গাটছড়া বাঁধেন অভিনেতা, আর নভেম্বরেই জন্ম হয় ছোট্ট রাহার। রণবীরের কথায়, “বাবা হওয়া আর রামের চরিত্রে অভিনয়ের প্রস্তাব— এই দুটো বিষয় আমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। আমার মনে হয়, এবার জীবনযাত্রা এবং লাইফস্টাইলে পরিবর্তন আনা খুব জরুরি। রাহার জন্যই যেন সবটা বদলে গেল।” ভয়ের জায়গাটা নিমেষেই বদলে গেল কৃতজ্ঞতায়।

চরিত্রের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে রণবীর জানান, ছোটবেলায় দেখা রামানন্দ সাগরের ‘রামায়ণ’ তাঁর মনে গভীর ছাপ ফেলেছিল। সেই স্মৃতিকে সম্বল করেই শুরু হয় তাঁর হোমওয়ার্ক। তবে এ কেবল শারীরিক প্রস্তুতি নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক এক সফর। রামের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলাই এখন রণবীরের একমাত্র লক্ষ্য।

উল্লেখ্য, এই ছবির ৩ মিনিটের প্রথম ঝলক ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ছবিতে রণবীর ছাড়াও রাবণ হিসেবে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার যশকে, সীতার চরিত্রে সাই পল্লবী এবং হনুমানের ভূমিকায় থাকবেন সানি দেওল। লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। অস্কারজয়ী হানস জিমার এবং এ আর রহমানের যুগলবন্দিতে তৈরি হচ্ছে এই ছবির আবহ সঙ্গীত। ২০২৬-এর দীপাবলির আগে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ওয়ান’। তার আগে ২রা এপ্রিল হনুমান জয়ন্তীর শুভক্ষণে ছবির নতুন লুক আসার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *