রাহুলের বিকল্প হবে AI? অভিনব ভাবনা টলিপাড়ায়

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন থেকে টলিপাড়ার সকলেই ভেঙে পড়েছে। শোকের মধ্যেও প্রত্যেকের একটাই কথা এই বয়সে এই ভাবে যাওয়ার কথাই নয় রাহুলের। শুটিং করতে গিয়ে মৃত্যু মেনে নিতে পারছেনা কেউ। টলিপাড়ায় আলোচনা চলছে রাহুলের অভিনীত এই ধারাবাহিক ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিক কি তাহলে বন্ধ হয়ে যাবে! সমাজ মাধ্যমে অনেক ভক্ত লিখছেন রাহুলের সাবস্টিটিউট যেন আসে। তবে এই ধারাবাহিকের ভবিষ্যত কী তা এখনও জানা যায়নি।
এই ধারাবাহিক ছাড়াও রাহুল অরুণোদয় বহু প্রজেক্টে কাজ করছিলেন। কিছু ছবির কাজ শেষ, কিছু ছবি মুক্তির অপেক্ষায়। আবার কিছু ছবির শুট শেষে ডাবিং হওয়ার কথা, আবার কিছু ছবির শুট চলছে, আবার কোনও প্রজেক্টের স্ক্রিন টেস্ট হয়ে গিয়েছে, শুট শুরুর কথা । সৌরভ পালধীর সঙ্গে জনপ্রিয় নাটক ‘যে জানালাগুলোর আকাশ ছিল’ শো রয়েছে। কী হবে এই অসমাপ্ত কাজগুলো ? কী ভাবছেন পরিচালক প্রযোজকরা। টিভিনাইন বাংলা খোঁজ নিল টলিপাড়ায়।
টলিপাড়ায় খোঁজ নেওয়ার পর জানা গিয়েছে, রাহুল বেশ কিছু কাজই অসমাপ্ত। যার মধ্যে রয়েছে, বেশ কিছু সিনেমা, ধারাবাহিকও। যেমন, পরিচালক সাই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ ‘ ছবির শুট শেষ। তবে বাকি রয়েছে ডাবিং। এই ছবির প্রযোজনা সংস্থা থেকে জানা গিয়েছে, এখনই কিছু ঠিক করা হয়নি, রাহুলের অংশ কীভাবে ডাবিং হবে। তবে তাঁরা চেষ্টা করবেন শুটের সময় রাহুলের ল্যাপেলে যে সাউন্ড রয়েছে সেটাকেই যদি ব্যবহার করা যায় এ আই এর ব্যবহারে। তবে এখনও কিছু স্থির নয়, অন্য কাউকে দিয়েও ডাবিং করানো যেতে পারে, তবে পরিচালক প্রযোজকদের ইচ্ছে রয়েছে রাহুলের স্বর যদি ব্যবহার করা যায়। তাহলে অভিনেতাকে সঠিক ট্রিবিউট হবে।
অন্য দিকে, পরিচালক সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘অটোবি’র শুট শেষ হয়েছে কয়েকদিন আগে। আগামী শনিবার থেকে ডাবিং হওয়ার কথা ছিল। সেই মত ডেট দেওয়া ছিল রাহুলকে। তবে সেটা আর হল না। পরিচালক কী করবেন? টিভিনাইন বাংলাকে সৌমাভ জানালেন, “পরিকল্পনা মত আগামী শনিবার থেকেই ডাবিং হওয়ার কথা ছিল যেটা আর হবে না। রাহুলদার অকাল মৃত্যু মেনে নিতে পারছি না। এখনও শোকে রয়েছি। তবে রাহুল দার ডাবিং অন্যকে দিয়ে করানোর খুব ইচ্ছে নেই , আমি এআই নিয়ে কাজ করি তাই দেখবো যদি এই প্রযুক্তির ব্যবহারে কিছু করা যায় কিনা। তবে কিছুই ঠিক করিনি। সেই পরিস্থিতিও এখন নেই। তবে এটাও ঠিক এআই তো ইমোশন বিষয়টা এখনও অতটা উন্নত নয়।”
প্রসঙ্গত, দেবলীনা দত্তর সঙ্গে একটি ছবি ‘ছবিওয়ালা’ র মুক্তির কথা মে মাসে। পরিচালক বাপ্পা। এই রকম অনেক অসমাপ্ত কাজ রয়ে গিয়েছে রাহুলের। এআই এর ব্যবহার হলেও তা রাহুলের অভিনয় দক্ষতার বিকল্প কতটা হতে পারবে সেই নিয়ে নিশ্চিত নয় পরিচালকরা।