Mamata Banerjee: ‘একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে’ - 24 Ghanta Bangla News
Home

Mamata Banerjee: ‘একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে’

Mamata Banerjee: ‘একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে’

পাঁশকুড়া: বিজেপি এলে বাংলার সংস্কৃতি বদলে যাবে। বাংলায় এলেই চলবে বুলডোজার, বাইরের লোকজন সব দখল করে নেবে। ভোটের আগে বাঙালিকে সতর্ক করলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাঁশকুড়ার সভা থেকে তিনি বললেন, “একটা সিট যদি হারি,সেই সিটটা নিয়ে বিজেপি মাছ খাওয়া বন্ধ করে দেবে।”

বস্তুত, একুশের নির্বাচনের আগেও বাঙালি অস্মিতা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের অনেক আগে থেকেই এই একই ইস্যুতে সরব হন তিনি। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে হেনস্থা-সহ নানা বিষয়ে আগে থেকেই ময়দানে ছিল তৃণমূল। আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সভা ছিল মমতার। সেখান থেকে আরও একবার এই একই ইস্যুতে সরব হলেন তিনি।

বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে কী হতে পারে সেই আশঙ্কা করেছেন তিনি। মমতা বলেন, “প্রতিটা সিট আমার কাছে গুরুত্বপূর্ণ। একটা সিটে যদি হারি তাহলে সেই সিটটা নিয়ে বিজেপি আপনার মাছ খাওয়া বন্ধ করে দেবে। আপনার মাংস খাওয়া বন্ধ করবে, আপনার কথা বলা বন্ধ করবে।”

মাছে ভাতে বাঙালি সে কথা বলার অপেক্ষা রাখে না। মাছ খাওয়া হল বাঙালির আবেগ। মুখ্যমন্ত্রী সেই আবেগকেই হাতিয়ার করে ভোটে জিততে চাইছেন বলে অভিযোগ বিজেপির। এর আগে বামেরাও অভিযোগ করেছিল, গোটা দেশে বিজেপি হিন্দি সাম্রাজ্যবাদ বিস্তার করতে চায়। আর এবার সেই একই অভিযোগ মমতার।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, “একজন মুখ্যমন্ত্রী বলছেন যে যাঁরা বিজেপিকে ভোট দেবে তাঁদের বাড়ির বাইরে প্ল্যাকার্ড দিয়ে লিখতে হবে আমি বিজেপি করি না। উনি প্রত্যেকটি ভোটারকে ভয় দেখাচ্ছেন। হারের ভয়ে মমতা বাংলার ভোটারদের ভয় পাওয়ানোর চেষ্টা করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *