Jhargram: ‘এক রোগ সারাতে হাসপাতালে গেলে, বেঁধে যায় আরেক রোগ’, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের - 24 Ghanta Bangla News
Home

Jhargram: ‘এক রোগ সারাতে হাসপাতালে গেলে, বেঁধে যায় আরেক রোগ’, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

Spread the love

Jhargram: ‘এক রোগ সারাতে হাসপাতালে গেলে, বেঁধে যায় আরেক রোগ’, রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের

ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম বিধানসভার বিনপুর হাসপাতাল মোড় থেকে গোলাশুলি পর্যন্ত রাস্তার দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা। এই গুরুত্বপূর্ণ সড়কটির উপর অবস্থিত চারটি সরকারি অফিস, ফলে প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াত রয়েছে এখানে। বিশেষ করে হাসপাতালের রোগী, তাঁদের পরিবারের সদস্য এবং নিত্যযাত্রীরা এই ভাঙাচোরা রাস্তার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। কোথাও বড় বড় গর্ত, কোথাও কাদায় ভরা জল—ফলে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাম্বুল্যান্স চলাচলেও সমস্যা হচ্ছে, যা রোগীদের জন্য মারাত্মক বিপদের কারণ হতে পারে। এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কোনও স্থায়ী সমাধান হয়নি। দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন তারা, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং যাতায়াত স্বাভাবিক হয়।

স্থানীয় টোটো চালকের কথায়, “এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে টোটো-সহ যানবাহন চলাচল করতে অসুবিধার সন্মুখীন হতে হয়। রোগীদের হাসপাতালে নিয়ে যেতে রোগী অবস্থা আরও খারাপ হয়। রাস্তা সারাইয়ের এক মাসও হয়নি সে রাস্তা খারাপ হয়ে পড়েছে। কেমন জিনিস ব্যবহার করা হয়েছে ভাবুন। রাস্তা দিয়ে সাইকেলে যাতায়াত করতে কোমর ভেঙে যায়।”

হাসপাতালে চিকিৎসা করাতে আসা এক রোগী বলেন,  “আমরা এক রোগ নিয়ে এলে আরেক রোগ বাঁধিয়ে বাড়ি নিয়ে যাই। দ্রুত রাস্তা সারাই করা হোক। বারবার এখানে পথ অবরোধ হয়েছে বিক্ষোভ হয়েছে, আধিকারিকেরা দেখে গিয়েছেন তার পরেও কোনও প্রশাসনের ঘুম ভাঙেনি।” এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা বলেন, “এই এলাকার বিধায়ক ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, তিনি আমাদের জন্য কোন উন্নয়ন করেননি।”

ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ প্রচারে বেরিয়ে রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন হাসপাতালে সামনে বড় বড় গর্ত আর তাতে নর্দমায় ভরা , ভগবান ভরসায় রোগীরা হাসপাতালে পৌঁছাচ্ছে। রাস্তা সারাতে কারোর কোনও ভ্রূক্ষেপ নেই। সিপিএম প্রার্থী অর্জুন মাহাত জানান, অবশ্য রাস্তায় দুর্নীতি ও কাটমানি ইসুকেই সামনে নিয়ে এসেছেন। ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *