Weather Update: দক্ষিণে ধীরে ধীরে কাটছে বৃষ্টির ভ্রুকুটি, কিন্তু উত্তরে কী হবে? - 24 Ghanta Bangla News
Home

Weather Update: দক্ষিণে ধীরে ধীরে কাটছে বৃষ্টির ভ্রুকুটি, কিন্তু উত্তরে কী হবে?

Spread the love

Weather Update: দক্ষিণে ধীরে ধীরে কাটছে বৃষ্টির ভ্রুকুটি, কিন্তু উত্তরে কী হবে?

কলকাতা: বসন্তে বৃষ্টি, মনোরম আবহাওয়া গোটা রাজ্যজুড়েই। রবিবারও ২০ ডিগ্রির নীচে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ১১ ডিগ্রি নিচে নেমেছে। আর রাতের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ৪ ডিগ্রির বেশি নিচে। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। উঠেছে রোদ, ফলে তাপমাত্রা ধীরে ধীরে গ্রাফ চড়াবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৮১ থেকে ৯৫ শতাংশের মধ্যে। বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটারের মধ্যে। 

অন্যদিকে তীব্রতা কমলেও সপ্তাহভর বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে স্বাভাবিকের কাছাকাছি ফিরতে পারে তাপমাত্রা। সপ্তাহান্তে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। শুক্রবার থেকে সেই সম্ভাবনা তৈরি হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

তবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা-মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত এই ৫ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে পূর্ব সিকিমে তুষারধসের সতর্কবার্তা থাকছে। গ্যাংটক ও প্যাকিয়ং জেলার উঁচু অংশে সতর্কতা জারি। নাথুলা, জুলুক, নাথাং ভ্যালি এলাকায় হিমবাহ ধসের সতর্কতা। ১১ হাজার ফুটের উঁচু পাহাড়ে তুষারধসের সতর্কতা জারি সিকিম বিপর্যয় মোকাবিলা দফতরের। তবে বিপদের আশঙ্কা নেই গ্যাংটকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *